পেট্রলবোমা হামলার বিচার চাইলেন দগ্ধদের স্বজনেরা
‘আমার একটাই সন্তান। তাকে ঘিরেই আমার সব আশা-ভরসা ছিল। কিন্তু বোমায় আমার সেই ছেলেটার জীবন কেড়ে নিল। আমি এখন কী নিয়ে বাঁচব? কী জবাব দেবেন বেগম খালেদা জিয়া?’
গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবে আহাজারি করতে করতে কথাগুলো বলছিলেন নূরজাহান বেগম। তাঁর ছেলে সানজিদ অভি গত ১৪ জানুয়ারি বঙ্গবাজারের কাছে আহত হয়। এক সপ্তাহ পর ২১ জানুয়ারি অভি মারা যায়। সহিংসতা ও পেট্রলবোমায় হতাহতদের স্বজনেরা এই অনুষ্ঠানের আয়োজন করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নূরজাহানের মতোই হতাহতদের অনেকেরই স্বজন এসেছিলেন ডিআরইউতে। তাঁরা পেট্রলবোমা হামলাকারীদের বিচার দাবি করেছেন। ‘খালেদা জিয়া আমার স্বজনকে কেন পোড়ালেন জবাব দিন’ ‘খালেদা জিয়া আমার অগ্নিদগ্ধ স্বজনের দোহাই আমাদের কাছে ভোট চাইবেন না’ লেখা ব্যানার ঝুলিয়ে হতাহতরা এই সংবাদ সম্মেলন করে।
নূরজাহান বেগম বলেন, ‘আমার ছেলে কবি নজরুল সরকারি কলেজে পড়ত। কোচিং করে বাসায় ফেরার সময় বঙ্গবাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া বোমায় আহত হয়। হাসপাতালে চোখের সামনে ছেলেটা আমার একটু একটু করে শেষ হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। ম্যাডাম জিয়ার কাছে অনুরোধ, আর কাউকে পেট্রলবোমা মেরে হত্যা করবেন না।’
বার্ন ইউনিটে চিকিৎসাধীন মোহাম্মদ খোকনের বোন সালমা বলেন, ‘আমার ভাই ফুটপাতে জুতা বিক্রি করতেন। ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে বাসে বোমা হামলায় ভাইয়ের হাত ও চোখ নষ্ট হয়ে যায়। এখনো তিনি বার্ন ইউনিটে। আমরা এর বিচার চাই।’
আহত সালাহউদ্দিন ভূঁইয়ার স্ত্রী রুমি আক্তার বলেন, ‘আমার স্বামী কিংবা আমরা তো কোনো রাজনীতি করি না। তাহলে আমাদের কেন এভাবে কষ্ট পেতে হবে?’ আহত শফিকুলের বাবা আলাউদ্দিন বলেন, ‘আমার ছেলেটা বার্ন ইউনিটে কাতরাচ্ছে। বাবা হয়ে এই দৃশ্য সহ্য করা কঠিন।’
সংবাদ সম্মেলনে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ সুজন, রিয়াজ হোসেনের ভাই মিনহাজুল ইসলাম ও মোহাম্মদ আলীর বাবা মোহাম্মদ শফিকসহ আরও কয়েকজন বক্তব্য দেন।