পেট্রলবোমা হামলায় হতাহতদের পরিবারকে আর্থিক অনুদান
গাইবান্ধায় পেট্রলবোমা হামলায় নিহত ১২ এবং আহত ৩১ জনের পরিবারকে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। গতকাল সোমবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ এবং গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
পরে সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সোনালী ব্যাংক রংপুর অঞ্চলের মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান, জেলা প্রশাসক আবদুস সামাদ, পুলিশ সুপার আশরাফুল ইসলাম প্রমুখ।
সোনালী ব্যাংক লিমিটেডের গাইবান্ধা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, জামায়াত-শিবিরের লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় চলন্ত যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ১২ যাত্রী নিহত এবং ৩১ জন গুরুতর আহত হন।