পেট্রলবোমাসহ নাশকতাকারীদের ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল।
গতকাল সোমবার চট্টগ্রাম ইপিজেডের মূল ফটকের সামনে নগর পুলিশ আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল জলিল এ ঘোষণা দেন। তিনি নাশকতা রোধে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন।
নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুন-অর-রশীদ হাজারীর সভাপতিত্বে ও ইপিজেড থানার ওসি আবুল মনসুরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান ও বনজ কুমার মজুমদার, সিইপিজেডের মহাব্যবস্থাপক খুরশীদ আলম।
আবদুল জলিল তাঁর বক্তব্যে বলেন, ‘যেখানে সন্ত্রাসী ও পেট্রলবোমা হামলাকারী দেখবেন, তাঁদের ধরে ফেলুন। আমি আজকে এখানে ঘোষণা দিয়ে গেলাম, মানুষ খুন করার এসব মারণাস্ত্রসহ তাঁদের ধরতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের জানমালের নিরাপত্তার জন্য এই অর্থ আমি দেব।’
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যের প্রসঙ্গ টেনে জঙ্গিদের উদ্দেশ্যে আবদুল জলিল বলেন, ‘যেখানে এসব দ্রব্য গুদামজাত করে রেখেছেন, সেখানে চাপা দিয়ে রাখেন। তুলতে যাবেন না। তুলতে গেলে ওখানেই বিস্ফোরণ হবে। আপনাদের নেতাদের বলে দেন, চট্টগ্রামে এসব নাশকতা করা যাবে না। করতে চাইলে আপনাদের বন্ধুদের দেশ আফগানিস্তানে চলে যান। এ দেশে চলবে না।’ সমাবেশে চট্টগ্রামের দুটি ইপিজেডে কর্মরত প্রায় তিন লাখ শ্রমিকের রুটি-রুজি ও জানমালের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান সিইপিজেডের মহাব্যবস্থাপক খুরশীদ আলম।