পেট্রলবোমায় দগ্ধরা এখনো কষ্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে প্রায় দুই মাস বিএনপির নেতৃত্বাধীন জোটের সরকার পতনের আন্দোলন চলে। সে সময় ময়মনসিংহে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ঝলসে যান পাঁচজন। চিকিৎসায় তাঁরা সুস্থ হয়েছেন। তবে শরীরে পোড়া চিহ্ন রয়ে গেছে। এখনো পোড়া স্থানে জ্বালাপোড়া করে। সেই বিভীষিকা এখনো তাঁদের তাড়িয়ে বেড়ায়।
পুলিশ ও পেট্রলবোমায় দগ্ধ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় কমপক্ষে পাঁচজন দগ্ধ হন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে সুস্থ হন। কিন্তু এখনো তাঁদের শরীরে রয়ে গেছে পোড়া দাগ।
গত বছরের ৫ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ শহরের জিলা স্কুল মোড়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় মারাত্মকভাবে দগ্ধ হন ইজিবাইকচালক মো. সিদ্দিকুর রহমান। তিনি ময়মনসিংহ শহরের কাশর এলাকার বাসিন্দা। সরকারের আর্থিক সহযোগিতায় তিনি ৪৭ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফেরেন। গত রোববার কথা হয় সিদ্দিকুরের সঙ্গে। তিনি বলেন, তাঁর মুখ, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়েছে। হাতে এখনো রয়ে গেছে আগুনে পোড়ার চিহ্ন। সুস্থ হওয়ার পরও তিনি কাজ করতে পারছেন না। প্রধানমন্ত্রীর তহবিল থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে তিনি মাসিক ভাতা পান। তা দিয়ে কোনো রকমে চলে তাঁর সংসার। সিদ্দিকুর বলেন, এখনো অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডায় পোড়া স্থানে জ্বালাপোড়া করে।
এরপর ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারলে দগ্ধ হন ময়মনসিংহ সদর উপজেলার নিমতলি গ্রামের মো. বুলবুল, ময়মনসিংহ শহরতলির খাকডহর এলাকার শহীদুল ইসলাম, মুক্তাগাছা উপজেলার বিরাশিয়া গ্রামের মো. আলমগীর ও একই উপজেলার নন্দীবাড়ি গ্রামের মো. নওশেদ। ১১ ফেব্রুয়ারি সদর উপজেলার কাশিগঞ্জ এলাকার বাসিন্দা ট্রাকচালক আশরাফুল ইসলাম নেত্রকোনার দুর্গপুর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় গুরুতর দগ্ধ হন।
বুলবুল বলেন, হাসপাতালে ১৬ দিনের চিকিৎসায় তিনি সুস্থ হন। বুলবুল বলেন, তিনি ঝালমুড়ি বিক্রেতা। সুস্থ হওয়ার পর আগের পেশায় ফিরেছেন। ওই সময় বেশ কিছু উৎস থেকে পাওয়া টাকায় কোনো রকমে তাঁর চিকিৎসা চলে। কিন্তু এরপর কয়েক মাস তিনি কাজ করতে না পেরে ঋণ করে সংসার চালিয়েছেন। এখন তাঁর মাথায় ঋণের বোঝা।