
বিরোধী দলের পঞ্চম দফা অবরোধ চলাকালে গত শনিবার রাতে সিরাজগঞ্জ ও ময়মনসিংহে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা ও আগুনে দগ্ধ হয়েছেন তিনজন। তাঁরা হলেন ট্রাকচালক শাহীন শাহ (৩৫), তাঁর সহকারী মাজেদুল ইসলাম (৩০) ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মো. শাহজাহান (৩০)।
গুরুতর দগ্ধ এই তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বার্ন ইউনিটের সূত্র জানায়, আগুনে মাজেদুলের শরীরের ৯০ শতাংশ, শাহীনের ৭০ ও শাহজাহানের ৩১ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্ত লাল সেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, দগ্ধ ব্যক্তিদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
শাহীন ও মাজেদুল সিরাজগঞ্জের বাইনাগাতীতে এবং শাহজাহান ময়মনসিংহে দগ্ধ হন। এ নিয়ে গত ২৬ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতায় দগ্ধ ১৩০ জন বার্ন ইউনিটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে ১৫ জন মারা গেছেন।
বার্ন ইউনিটে গতকাল গিয়ে দেখা যায়, দগ্ধ মাজেদুল ও শাহীনের স্বজনদের উদ্বিগ্ন মুখ। তাঁরা জানান, শনিবার রাত ১০টার দিকে দুই ট্রাকচালক শাহীন, আতাউল ইসলাম ও তাঁদের সহকারী মাজেদুল ট্রাকে সবজি নিয়ে নওগাঁ থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন। ট্রাকটি সিরাজগঞ্জের বাইনাগাতীতে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। বোমাটি চালকের স্টিয়ারিংয়ের ওপর পড়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। আগুনে ট্রাকচালক আতাউলের দুই হাত ও পা পুড়ে যায়। তিনি লাফিয়ে নেমে পাশের এক বাড়িতে ঢুকে পড়েন। ট্রাকটি পাশের খাদে পড়ার আগে শাহীন ও মাজেদুল লাফিয়ে সড়কে পড়েন। কিন্তু এ সময় আট-দশজন দুর্বৃত্ত তাঁদের প্রথমে লাঠিপেটা করে ও পরে শরীরে পেট্রল ঢেলে দেয়। এরপর পাটখড়িতে আগুন লাগিয়ে তাঁদের ওপর ছুড়ে মেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে আগুন নিভিয়ে তাঁদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ আতাউলকে সদর হাসপাতালে নিয়ে যায়। শনিবার গভীর রাতে তাঁদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
মাজেদুলের বোন সুমি আক্তার প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি পাঁচ কিলোমিটার দূরে। পুলিশ তাঁকে ফোন করে জানায়, ‘পিকেটাররা আপনার ভাই মাজেদুলকে আগুন দিয়েছে। আপনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে যান।’ এ খবরে তিনি দুই কিলোমিটার কাঁচা পথ হেঁটে নওকাইনায় এবং সেখান থেকে পুলিশের গাড়িতে সদর হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে তিনি পুলিশ ও আতাউলের কাছে ঘটনার বর্ণনা শোনেন।
সুমি কান্নাজড়িত কণ্ঠে বলেন, হাসপাতালে গিয়ে মাজেদুল ও শাহীনকে দেখে তিনি দিশেহারা হয়ে যান। তাঁদের চেনা যাচ্ছিল না। তাঁরা কথাও বলতে পারছিলেন না। হাসপাতালে শাহীন ও মাজেদুল শুধু এটুকুই বলেছেন, ‘আগুন নেভাতে চিক্বার পাড়লেও কেউ আগাইয়া আসেনি।’
সুমি আরও বলেন, হরতাল-অবরোধের কারণে ১৫ দিন মাজেদুলের কোনো কাজ ছিল না। রোজগার না থাকায় স্ত্রীর সঙ্গে শনিবার তাঁর ঝগড়া হয়। এরপর না খেয়েই বের হয়েছিলেন। তিনি বলেন, ‘টিভিতে শেখ হাসিনা গাড়ি নিয়ে বের হতে বলেছিলেন। যদি কিছু হয় আমরা দেখে নেব। তাঁর কথামতো বের হয়ে একটি খ্যাপও পাইছিলেন। এখন যে তাঁদের সব শ্যাষ অইয়া গেল।’ সুমি বলেন, ‘মাজেদুলের ছয় বছরের বাচ্চা ইয়ামিন বাপের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করে। কিন্তু ঢাকায় আসার ভাড়া নেই তাগো কাছে। চিকিৎসা করাবেন কী দিয়ে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন।’
সুমি আরও জানান, সাত সদস্যের পরিবারে মাজেদুল একমাত্র উপার্জনক্ষম। একই ধরনের বক্তব্য শাহীন ও শাহজাহানের স্বজনদেরও।
দগ্ধ শাহজাহান পেশায় বাবুর্চি। তিনি জানান, শনিবার রাতে ময়মনসিংহ আন্তজেলা বাস টার্মিনাল থেকে অটোরিকশায় গৌরীপুরের নওহাটা গ্রামে যাওয়ার সময় বীর আহম্মদপুরে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। এ সময় অটোরিকশায় থাকা অপর চার যাত্রী ও চালক নেমে দৌড়ে পালিয়ে যান। কিন্তু তাঁর সোয়েটারে আগুন ধরে যায়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম জানান, তদন্ত শেষে এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।