
গাড়ির ছাদ ও ভেতরের চারপাশে প্লাস্টিকের নল লাগানো। নলে রয়েছে কার্বন ডাই-অক্সাইড (গ্যাস) ও পানি। পেট্রলবোমায় গাড়িতে আগুন ধরলেই নল গলে যাবে এবং গ্যাস ও পানি বের হয়ে নিভে যাবে আগুন।
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নাশকতায় পেট্রলবোমার আগুন থেকে বাসযাত্রীদের রক্ষায় খেলনা গাড়ির মডেল বানিয়ে এ পদ্ধতি ব্যবহার করেছে রাজধানীর বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইবাদুল্লাহ রূপম ও রাফিক ইরফান।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে ‘ফিজিকস টেকনোলজি ফেয়ারে’ এ প্রদর্শনী নিয়ে হাজির হয় শিক্ষার্থীরা। ‘পঞ্চম ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড’ উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
ইবাদুল্লাহ রূপম মডেলের ব্যাখ্যা দিয়ে বলে, নলে গ্যাসের সঙ্গে ৪০ শতাংশ পানি ও পরিমাণমতো ড্রাই পাউডার ব্যবহার করা হবে। আগুন লাগলে টিউব গলে তা নিভে যাবে। আর গ্যাসের সঙ্গে পানি রাখলে মানুষের ক্ষতি হবে না। রূপম প্রথম আলোকে বলে, ‘পেট্রলবোমার কারণে দেশে অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছেন। এ পদ্ধতি ব্যবহার করলে হতাহতের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।’ তাদের এই মডেল প্রদর্শনী দেখতে আসা মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
টেকনোলজি ফেয়ারে রেললাইনে নাশকতা বন্ধ, ৫০০ টাকায় ইসিজি যন্ত্র, কম খরচে গাড়ি চলাচল, তারবিহীন বিদ্যুৎ-সংযোগ, পানি বিশুদ্ধকরণ, অতিরিক্ত ঘাম প্রতিরোধ যন্ত্রসহ ২৯টি উদ্ভাবন ও ধারণা প্রদর্শন করে দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের খুদে বিজ্ঞানীরা।
এদিকে বেলা তিনটার দিকে কার্জন হলে অলিম্পিয়াডের লিখিত পরীক্ষায় ১২টি বিভাগে অংশ নেয় প্রায় ২২৭ শিক্ষার্থী। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। পরে বিভাগভিত্তিক বিজয়ীদের দেওয়া হবে পুরস্কার।
অনুষ্ঠানে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক খোরশেদ আহমেদের সভাপতিত্বে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।