পেট্রলবোমা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে মেরে হতাহতের ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামারুজ্জামানের আদালতে আজ রোববার এ সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলার বাদী মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী প্রস্তুত নয় বলে সময়ের আবেদন করা হলে আদালত ৫ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক বলেন, এই মামলায় ১৩২ জন আসামির মধ্যে ৫১ জন কারাগারে আছেন। তাঁদের পুলিশি কড়া নিরাপত্তার মধ্যে আজ আদালতে হাজির করা হয়। বাকি ৮১ আসামি পলাতক।

বিএনপি-জামায়াত জোটের ডাকা দেশব্যাপী অবরোধ চলাকালে চলতি বছরের ১৩ জানুয়ারি মধ্যরাতে রংপুর-ঢাকা মহাসড়কে মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী খলিল এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। এতে দগ্ধ হয়ে মারা যান পাঁচ যাত্রী।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ১৭ মে রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মিঠাপুকুর জামায়াত-শিবিরের ১৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। পরে মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর হয়।

এই মামলায় ৬০ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে বলে জানালেন তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম।