পেট্রলবোমা হামলার বিচার চাইলেন দগ্ধদের স্বজনেরা

‘আমার একটাই সন্তান। তাকে ঘিরেই আমার সব আশা ভরসা ছিল। কিন্তু পেট্রলবোমা আমার সেই ছেলেটার জীবন কেড়ে নিল। আমি এখন কী নিয়ে বাঁচব? কী জবাব দেবেন বেগম খালেদা জিয়া?’
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আহাজারি করতে করতে কথাগুলো বলছিলেন নূরজাহান বেগম। তাঁর ছেলে সানজিদ অভি গত ১৪ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের সময় রাজধানীর বঙ্গবাজারের কাছে পেট্রলবোমায় আহত হয়। এক সপ্তাহ পর ২১ জানুয়ারি ছেলেটি মারা যায়।
নুরজাহানের মতোই পেট্রলবোমায় হতাহতদের অনেকের স্বজনই এসেছিলেন ডিআরইউতে। তারা পেট্রলবোমা হামলাকারীদের বিচার দাবি করেছেন। ‘খালেদা জিয়া আমার স্বজনকে কেন পোড়ালেন, জবাব দিন’, ‘খালেদা জিয়া আমার অগ্নিদগ্ধ স্বজনের দোহাই, আমাদের কাছে ভোট চাইবেন না’-লেখা ব্যানার ঝুলিয়ে স্বজনেরা এই সংবাদ সম্মেলন করেন।
নূরজাহান বেগম বলেন, ‘আমার ছেলে কবি নজরুল সরকারি কলেজের পড়ত। কোচিং করে বাসায় ফেরার সময় বঙ্গবাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়। হাসপাতালে চোখের সামনে ছেলেটা আমার একটু একটু করে শেষ হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। ম্যাডাম জিয়ার কাছে অনুরোধ, আর কাউকে পেট্রলবোমা মেরে হত্যা করবেন না।’
বার্ন ইউনিটে চিকিৎসাধীন মোহাম্মদ খোকনের বোন সালমা বলেন, ‘আমার ভাই ফুটপাতে জুতা বিক্রি করত। ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে বাসে বোমা হামলায় ভাইয়ের হাত ও চোখ নষ্ট হয়ে যায়। এখনো তিনি বার্ন ইউনিটে। আমরা এর বিচার চাই।’
আহত সালাহউদ্দিন ভূঁইয়ার স্ত্রী রুমি আক্তার বলেন, ‘আমার স্বামী কিংবা আমরা তো কোনো রাজনীতি করি না। তাহলে আমাদের কেন এভাবে কষ্ট পেতে হবে?’
আহত শফিকুলের বাবা আলাউদ্দিন বলেন, ‘আমার ছেলেটা বার্ন ইউনিটে কাতরাচ্ছে। বাবা হয়ে এই দৃশ্য সহ্য করা কঠিন।’
সংবাদ সম্মেলনে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ সুজন, রিয়াজ হোসেনের ভাই মিনহাজুল ইসলাম ও মোহাম্মদ আলীর বাবা মোহাম্মদ শফিকসহ আরও কয়েকজন বক্তব্য রাখেন।