পেট্রলবোমা হামলার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
মাগুরায় পেট্রলবোমা হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি অ্যাডভোকেট মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাগুরা জেলা বিএনপির প্রচার সম্পাদক। গত ২১ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে এ হামলার ঘটনায় পাঁচজন মারা যান।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক প্রথম আলোকে বলেন, ওই হামলার ঘটনায় দগ্ধ নয়জনের চারজন এখনো চিকিৎসাধীন। ওই ঘটনায় মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক আবদুস সালাম বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে ও ২০ জনকে অজ্ঞাত নামা দেখিয়ে মামলা দায়ের করেন।
তিনি বলেন, পুলিশ পরবর্তীতে এ মামলায় সন্দেহভাজন তিনজন এবং এজাহারে নাম থাকা ছয়জনকে গ্রেপ্তার করে। এর আগে এই মামলায় গ্রেপ্তার হওয়া তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার বেলা দুইটার দিকে মাগুরা সদর উপজেলার ইসাখাদা বাজার এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য গত ২১ মার্চ রাতে মাগুরা সদর থেকে বালু বোঝাই ট্রাকটি শালিখা উপজেলার ভাটইখালি গ্রামে যায়। সেখানে বালু নামিয়ে শহরে ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তেই ট্রাকে আগুন ধরে গেলে চালকসহ নয়জন দগ্ধ হন। চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে দগ্ধ পাঁচজন মারা যান।