পেট্রলবোমা হামলায় দগ্ধ ট্রাকচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে গত বুধবার রাতে চট্টগ্রামে অবরোধকারীদের পেট্রলবোমা হামলায় দগ্ধ ট্রাকচালক মো. আহসান উল্যাহর (৪০) মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই আহসান উল্যাহর মৃত্যু হয়।

নিহত ট্রাকচালক মো. আহসান উল্যাহ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের আহমেদ উল্যাহর ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. ফারুক জানান, গত বুধবার রাতে আহসান উল্যাহ চট্টগ্রাম থেকে মালবোঝাই ট্রাক নিয়ে কুমিল্লা যাচ্ছিলেন। ট্রাকটি চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে তিনি রাস্তার পাশে ট্রাক থামিয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েন। এ সময় অবরোধকারীরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারলে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি সেখানে তিন দিন চিকিত্সাধীন ছিলেন। উন্নত চিকিত্সার জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

আহসান উল্যাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ বলেন, আজ দুপুরে গ্রামের বাড়িতে লাশ এসে পৌঁছেছে। বিকেলেই পারিবারিক কবরস্থানে তাঁর লাশের দাফন সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, লাশ বহনকারী গাড়িটি যাতে নিরাপদে ফিরে আসতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।