অবরোধশেষ হওয়ার সাড়ে ছয় ঘণ্টার মাথায় বাংলামোটরে পুলিশের বাসে হামলা, অগ্নিদগ্ধ আরও দুজন
পেট্রলবোমা হামলায় পুলিশনিহত
রাজধানীর বাংলামোটরে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে পেট্রলবোমা হামলা হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়ে পুলিশের একজন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন পুলিশের আরও একজন সদস্য ও বাসের চালক। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পঞ্চম দফার অবরোধ শেষ হওয়ার সাড়ে ছয় ঘণ্টার মাথায় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. ফেরদৌস। অগ্নিদগ্ধ কনস্টেবল মো. সাইদুর ও চালক বায়েজীদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে বাংলামোটর মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের রিকুইজিশন করা ওই বাসে পেট্রলবোমা ছুড়ে মারে মোটরসাইকেল আরোহী দুই যুবকের একজন। আশপাশে দায়িত্বরত পুলিশের সদস্যরা বোমা নিক্ষেপকারী যুবকদের লক্ষ্য করে গুলিও ছোড়েন। কিন্তু তারা পালিয়ে যায়।
পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, নিহত ও আহত ব্যক্তিরা বাসটিতে ছিলেন। রাতে বাসটি দায়িত্বরত পুলিশদের নিয়ে রাজারবাগে ফেরার কথা ছিল। ভেতরে ছিলেন ওই তিনজন। আরও পুলিশ সদস্যদের নেওয়ার জন্য বাসটি বাংলামোটর মোড়ে দাঁড়িয়ে ছিল।
বাংলামোটর মোড়সংলগ্ন একটি ভবনের নিরাপত্তাকর্মী প্রথম আলোকে বলেন, ১১টা ২০ মিনিটের দিকে মোড়ে বাসটি থামে। তখনই সোনারগাঁও হোটেলের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে বাসের কাছাকাছি থামে। মোটরসাইকেলের পেছনে বসা এক যুবক পরপর দুটি পেট্রলবোমা বাসের ভেতর ছুড়ে মারে।
প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ একটা শব্দ পেয়ে তাকিয়ে দেখি, একটি বাস থেকে দুজন লোক নেমে এলেন। আর পেছনের জানালা দিয়ে অন্য একজন বের হওয়ার চেষ্টা করছিলেন। আমি দৌড়ে গিয়ে তাঁকে বের করার জন্য হাত বাড়ালাম। তখনই দাউ দাউ করে বাসে আগুন ছড়িয়ে পড়ে। লোকটির শরীরেও আগুন ধরে যায়। আর বের হতে পারেননি তিনি। কয়েকজন দুই জার পানি আনলেও কাজে লাগেনি।’