পেট্রলবোমাবাজদের না ধরা পর্যন্ত মাঠে থাকবে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে, তাদের চিহ্নিত করে আইনে সোপর্দ না করা পর্যন্ত বিজিবি মাঠে থাকবে। গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে বিজিবির সেক্টর সদরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পেট্রলবোমা হামলাকারীদের গুলি করার নির্দেশ দেওয়ার ব্যাপারে বিজিবির মহাপরিচালক বলেন, যারা পেট্রলবোমা হামলা চালিয়ে মানুষ মারছে, তারা সন্ত্রাসী। তিনি সন্ত্রাসীদের গুলি করার নির্দেশ দিয়েছেন। এখন কেউ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে যদি তাঁর সমালোচনা করেন, তাহলে এটা হবে তাঁর জন্য দুঃখজনক। তিনি আরও বলেন, গুলি করার নির্দেশ দেওয়ার পর কোনো সন্ত্রাসীর বুকের পাটা হয়নি তাঁর বাহিনীর সামনে এসে হামলা চালায়।
আজিজ আহমেদ বলেন, সাংবাদিকেরা বিজিবি সম্পর্কে যখন ইতিবাচক সংবাদ পরিবেশন করেন, তখন তাঁরা উৎসাহিত হন। তবে নেতিবাচক সংবাদকেও তিনি পেশাগত কাজের জন্য সহায়ক বলে মনে করেন। এসব খবর দেখে তাঁরা প্রয়োজনে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে পারেন।
ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায়ই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে বিজিবির মহাপরিচালক বলেন, বিজিবি সঙ্গে সঙ্গে এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছে। কেন এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়, এ ব্যাপারে বিজিবি কৈফিয়ত চায়। যদিও বিএসএফ প্রায়ই বলছে, রাতে অপরাধী ছাড়া কেউ সীমান্ত অতিক্রম করে না।
সভায় বিজিবির রংপুরের (উত্তর-পশ্চিম) আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহী সেক্টরের অধিনায়ক কর্নেল এ কে এম ফেরদৌসুল সাহাব, ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক শাজাহান সিরাজ উপস্থিত ছিলেন।
গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে বিজিবির সদস্যদের সঙ্গে এক বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবির মহাপরিচালক বলেন, নদীবেষ্টিত গাইবান্ধার দুর্গম চরে পালিয়ে থাকা নাশকতাকারীদের গ্রেপ্তারে প্রয়োজনে চরাঞ্চলেও যৌথ অভিযান চালানো হবে। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান, সেক্টর কমান্ডার কর্নেল মো. জুলফিকার আলী, অধিনায়ক লে. কর্নেল এস এম শামছুম মুহীত, জেলা প্রশাসক মো. এহছানে এলাহী, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
বিজিবির মহাপরিচালক এর আগে গাইবান্ধা যুব উন্নয়ন কেন্দ্রে স্থাপিত বিজিবির গাইবান্ধা ক্যাম্প পরিদর্শন করেন।