পেট্রলবোমায় আহত মঞ্জুর চিকিৎসা চলছে ধারদেনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে গত ২১ জানুয়ারি রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন ভ্রাম্যমাণ ফল বিক্রেতা মঞ্জু মিয়া (৩৫)। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন তিনি বাড়িতে শয্যাশায়ী। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অবস্থায় বিপাকে পড়েছে পরিবারটি। ধারদেনা করে চলছে মঞ্জুর চিকিৎসা।
গত বৃহস্পতিবার দুপুরে বাড়িতে গেলে মঞ্জুর স্ত্রী শিরিন আক্তার বলেন, পেট্রলবোমায় তাঁর স্বামীর মুখ ঝলসে গেছে। ঠোঁট ও মাড়িতে ১০টি সেলাই দিতে হয়েছে। ২৩ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা নিয়মিত ওষুধ সেবন ও সপ্তাহে এক দিন হাসপাতালে নিয়ে যাওয়ার শর্তে মঞ্জুকে ছাড়পত্র দেন।
শিরিন আরও বলেন, তাঁদের তিন সন্তানের মধ্যে দুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। আরেক সন্তানের বয়স দুই বছর। মঞ্জু মিয়া ভোর থেকে গভীর রাত পর্যন্ত ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-জারিয়ার ট্রেনে ফেরি করে ফল বিক্রি করতেন। এ দিয়েই কোনোরকমে চলত তাঁদের পাঁচ সদস্যের সংসার। বর্তমানে মঞ্জু শয্যাশায়ী। তাঁর ওষুধ ও সংসার খরচ বাবদ প্রতিদিন ৮০০ টাকা লাগে। নানাজনের কাছ থেকে ধারদেনা করে এই টাকা জোগাড় করতে হচ্ছে। পেট্রলবোমায় দগ্ধ হওয়ার প্রথম দুই দিনে হাসপাতালে তাঁর চিকিৎসা বাবদ আট হাজার টাকা খরচ করতে হয়েছে। সেটাও ধার করে মেটাতে হয়েছে।
শিরিন জানান, এ পর্যন্ত ইউএনও, গৌরীপুর পৌরসভার মেয়র ও থানার ওসি মিলে চিকিৎসার জন্য মোট সাত হাজার টাকা দিয়েছেন। তার পরও অনেক টাকা ঋণ হয়ে গেছে। সম্পূর্ণ সুস্থ হতে আর কত সময় লাগবে, আর কত ধারদেনা করতে হবে তা ভেবে পাচ্ছেন না। তিনি বলেন, ‘অহন আমি ছেলেমেয়ের মুখে ভাত দিব, নাকি স্বামীর চিকিৎসা করাব? এইডা আপনেরাই বলেন।’
গৌরীপুরের ইউএনও দূররে-শাহওয়াজ গতকাল প্রথম আলোকে বলেন, ‘রোববার (আজ) মঞ্জুকে দেখতে তাঁর বাড়িতে যাব। প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করব।’