পেট্রলবোমায় মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ বলেছেন, অবরোধ ও হরতালের নামে দেশে যারা পেট্রলবোমায় মানুষ হত্যা করেছে, তারা সন্ত্রাসী। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনতে যত দিন সময় লাগবে, যৌথ অভিযানও তত দিন চলবে। জেলা ও পুলিশ প্রশাসন যত দিন প্রয়োজন মনে করবে, এ অভিযানে বিজিবি তাদের সহযোগিতা দিয়ে যাবে।
গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন। তিনি বলেন, যৌথ অভিযান কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বা পক্ষে নয়। শুধু সন্ত্রাসীদের নির্মূল করার জন্য বিজিবি সহযোগিতা করছে। সন্ত্রাসীরা কোনো দলের নয়। জনগণের মধ্যে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত বিজিবি প্রতিটি জেলায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা অব্যাহত রাখবে।
এ সময় বিজিবি রংপুর বিভাগীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল কে এম ফেরদৌসুল সাহাব, সিরাজগঞ্জ র্যাব-১২ পরিচালক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি কপোরেশন নির্বাচন বিষয়ে এক প্রশ্নের উত্তরে বিজিবির মহাপরিচালক বলেন, শান্তিপূর্ণভাবে প্রার্থীদের প্রচারণা ও ভোট গ্রহণে নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, বিজিবি সেভাবে কাজ করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এ জন্য অর্পিত দায়িত্ব বিজিবি যথাযথভাবে পালন করবে।