পেট্রলবোমার আগুনে আ.লীগ নেতা নিহত
দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমার আগুনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উপজেলা বণিক সমিতির সভাপতি এনামুল হক নিজের দোকানেই পুড়ে মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
দোকানের কর্মচারী সেলিমের ভাষ্য, গতকাল সন্ধ্যার পর ওই দোকানে পেট্রলবোমা ছোড়েন বিএনপি-জামায়াতের লোকজন। এ সময় তিনি ও মালিক এনামুল হক দোকানের ভেতরে ছিলেন। হার্ডওয়্যারের দোকানে পেট্রলবোমার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বের হতে সক্ষম হলেও এনামুল পারেননি।
স্থানীয় লোকজনের দাবি, পুলিশের ওপর হামলা ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এর জের ধরে শিবগঞ্জ উপজেলার সরকার সমর্থক বিভিন্ন নেতার দোকানে আগুন দেয় বিএনপি-জামায়াতের লোকজন। তাদের ছোড়া পেট্রলবোমার আগুনে পুড়ে মারা যান এনামুল হক। এ ছাড়া আগুনে শিবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।
ওই আগুনে শিবগঞ্জ উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক আবু বকরের দোকানও পুড়ে গেছে। তিনি দাবি করেন, এ ঘটনায় বিএনপি-জামায়াতের লোকজন জড়িত।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, একাধিক মামলার আসামি সালাউদ্দিন যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর এ ধরনের ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা দোকানে আগুন দিতে পারে।
জেলা বিএনপির সভাপতি ও শিবগঞ্জ উপজেলার সাবেক সাংসদ শাহজাহান মিয়া ‘প্রথম আলো’কে বলেন, সালাউদ্দিন তাঁদের কর্মী। তবে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি করেন তিনি।