পেট্রলবোমাসহ শিবিরের তিন কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ১৯টি পেট্রলবোমা ও ছয়টি শক্তিশালী ককটেলসহ ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার শহরের দুটি স্থানে অভিযান চালিয়ে এসব বোমা-ককটেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

শিবিরের আটক হওয়া তিন কর্মী হলেন শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার আবদুল হকের ছেলে গ্রাসরুট ইনস্টিটিউটের (ডিপ্লোমা) ছাত্র রাকিবুল ইসলাম (১৮), একই এলাকার এ কে এম মোহসীনের ছেলে ফরিদপুর কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র চৌধুরী মো. মোহসীনুল জামান (২০) এবং পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা আবু ইউনুসের ছেলে নকিবুল ইসলাম (২২)। নকিবুল এ বছর এইচএসসি পাস করেছেন। পুলিশ জানায়, এই তিন তরুণ নিজেদের ইসলামী ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দেন। আটক হওয়া নকিবুলের বাবা আবু ইউনুস শহরের বায়তুল মোকাদ্দেম ইনস্টিটিউটের শিক্ষক ও ফরিদপুর জেলা জামায়াতের রুকন। এ ঘটনার পর তিনি আত্মগোপন করেছেন।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা আঞ্চল) তোতা মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাতটার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় শামসুল উলুম মাদ্রাসার কাছে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় রাকিবুল ও মোহসীনুলকে তিনটি পেট্রলবোমাসহ আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বেলা পৌনে তিনটার দিকে শহরের পূর্ব খাবাসপুর শান্তিবাগ মোড় এলাকার শাহাবুদ্দীন পালোয়ানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভাড়াটে আবু ইউসুফের ছেলে নাকিবুলকে আটক করা হয়। পরে বাড়ির চিলেকোঠায় রাখা বস্তার ভেতর থেকে আরও ১৬টি পেট্রলবোমা ও ছয়টি শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়। বোমা ও ককটেল উদ্ধারের খবর পেয়ে পুলিশ সুপার জামিল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।  ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক গতকাল বিকেলে জানান, হরতাল ও অবরোধের সময় শহরে যানবাহনে আগুন ধরানো, রাস্তায় আগুন দেওয়া ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই এসব পেট্রলবোমা ও ককটেল মজুত করা হয়েছিল। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে।