পেট্রলবোমায় জীবন্ত দগ্ধ সাত গরু

সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ মঙ্গলবার দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমার আগুনে সাতটি গরু জীবন্ত দগ্ধ হয়েছে। ট্রাকের আগুনে মহাসড়কের পাশে থাকা আসবাবের কয়েকটি দোকান ও বসতঘর পুড়ে গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ভোর পাঁচটার দিকে গরুবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে সাতটি গরু জীবন্ত দগ্ধ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬টি গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রাম যাচ্ছিল। ভোর পাঁচটার দিকে ট্রাকটি ফৌজদারহাট এলাকায় পৌঁছালে চালককে লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা আসবাবের একটি দোকানে ঢুকে পড়ে। আগুন ছড়িয়ে পড়লে আসবাবের তিনটি দোকান ও পাঁচটি ঘর পুড়ে যায়। ট্রাকে থাকা সাতটি গরু জীবন্ত দগ্ধ হয়। কয়েকটি গরু আহত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। সকাল নয়টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো যায়নি।
সকাল নয়টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওমর ফারুক জানান, সাড়ে পাঁচটা থেকে তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন। এখনো কাজ চলছে।