পেট্রলবোমায় দগ্ধ পুলিশ কনস্টেবল ইমামের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় পেট্রলবোমায় দগ্ধ পুলিশ কনস্টেবল ইমাম উদ্দিন (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার গভীর রাতে মারা গেছেন। এক মাস নয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে তিনি অবশেষে হার মানলেন।
নির্বাচনের আগের দিন গত ৪ জানুয়ারি লক্ষ্মীপুরে নির্বাচনী দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের পেট্রলবোমায় তিনি আহত হয়েছিলেন। এ নিয়ে গত এক বছরে সহিংসতায় সারা দেশে ১৫ জন পুলিশ সদস্য নিহত হলেন।
হাসপাতাল, পুলিশ ও পরিবার সূত্র জানায়, পুলিশের কনস্টেবল ইমাম উদ্দিন গত ৪ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটারা ইউনিয়নের কোমরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় তিনি, উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন ও কনস্টেবল মোখলেসুর রহমান দগ্ধ হন। রাতেই ইমাম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। ওই ঘটনায় আহত অপর দুই পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন।
গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ইমাম উদ্দিনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে স্বজনেরা তাঁর মরদেহ নোয়াখালীর সুধারামে নিয়ে যান।
মর্গের সামনে ইমাম উদ্দিনের স্ত্রী আয়েশা খাতুন স্বামীর জন্য বিলাপ করেন। ইমামের চাচাতো ভাই জসিমউদ্দিন বলেন, ইমাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। গ্রামে তাঁর কৃষিজমি নেই। ইমামের মৃত্যুতে চার সদস্যের পরিবারটি অসহায় হয়ে পড়ল। তাঁর তিন মেয়ের কী হবে?
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, নির্বাচনের আগের সন্ধ্যায় কোমরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের ওপর পেট্রলবোমা হামলার ঘটনায় গত ৫ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুল বাশার থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা ছাড়াও আরও ২০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। এঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইমাম লক্ষ্মীপুর সদর থানার কনস্টেবল ছিলেন। তাঁর বাবা মৃত আলী আকবর।