পেট্রলবোমায় দগ্ধ শাহীনের মৃত্যু
পেট্রলবোমায় দগ্ধ হওয়া ট্রাকচালক মো. শাহীন (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মামাতো ভাই খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, আজ বুধবার রাত এগারোটা ১০ মিনিটে শাহীন মারা যান।
এর আগে একই ঘটনায় দগ্ধ শাহীনের সহযোগী মাজেদুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে মারা যান।
গত শনিবার রাতে নওগাঁ থেকে কুমিল্লার দিকে সবজিবোঝাই ট্রাক নিয়ে রওয়ানা দিয়েছিলেন শাহীন ও মাজেদুল। মাঝপথে সিরাজগঞ্জের বাইনাগাতি এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ইট মেরে ট্রাকের কাচ ভেঙে দেয়। পরে পেট্রলবোমা ছোড়ে। এতে ট্রাকটি সড়কের নিচে পড়ে যায়। পরে দাউদাউ করে জ্বলে উঠা আগুনে শাহীনের শরীরের ৭০ ভাগ আর মাজেদুল ৯০ ভাগ দগ্ধ হন।
স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সার পর গতকাল রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
নিহতের ভাই মো. শাহাদাত্ বলেন, চার ভাই-বোনের মধ্যে শাহীন বড়। এক বছর আগে বিয়ে করেছেন তিনি। ১০ বছর ধরে গাড়িতে কাজ করেন। অবরোধের কারণে বেশ কয়েকদিন গাড়ি চালাননি। কিন্তু সংসার চালানোর জন্য টাকার দরকার। তাই শনিবার কাজে গিয়েছিলেন। পরিবারের ভরণ-পোষণের প্রায় পুরোটাই ছিল শাহীনের কাঁধে।
নিহতের বাবার নাম মকবুল শাহ। মা সাহারা বিবি। গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুর থানার বাঘাছড়া গ্রামে।
রাজধানী ও রাজধানীর বাইরে ২৬ অক্টোবর থেকে আজ পর্যন্ত পেট্রলবোমা ও আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে আসা অন্তত ১৩৩ জনের মধ্যে ১৯ জন মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেলেন তিনজন। এ ছাড়া গতকাল রাত সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটর মোড়ে পুলিশের রিকুইজিশন করা বাসে পেট্রলবোমায় জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ট্রাফিক পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল (৪২)। মারাত্মক দগ্ধ হন আরেক কনস্টেবল ফাইজুল ইসলাম ও চালক বায়েজিদ খান।