
‘প্রহসনের’ নির্বাচন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অবরোধ অব্যাহত থাকবে।
গতকাল মঙ্গলবার হরতাল-অবরোধে সিরাজগঞ্জে একটি ট্রাকে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হন। আহত হয়েছেন তিনজন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হরতাল ও অবরোধ-সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আহত হন কমপক্ষে অর্ধশত ব্যক্তি। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ কমপক্ষে ১০ জন। এর আগে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ৪০টি গাড়ি ভাঙচুর করা হয়। জয়পুরহাটে যাত্রীবাহী ট্রেনে হামলা ও পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও তা বিস্ফোরিত হয়নি। এ ছাড়া কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, কুষ্টিয়া, বগুড়া ও পাবনায় সহিংসতার খবর পাওয়া গেছে। রাজধানী ঢাকায় হরতাল-অবরোধ ছিল ঢিলেঢালা।
প্রধান বিরোধী দলবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গত রোববার ১৮-দলীয় জোট অবরোধের সঙ্গে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে। গতকাল এই হরতালের সময় শেষ হওয়ার আগে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান নতুন করে কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ভোট বাতিল ও ভোটের আগে-পরে নেতা-কর্মীদের ‘হত্যার’ প্রতিবাদে জোটের হরতাল আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। এ ছাড়া অনির্দিষ্টকালের যে অবরোধ ডাকা হয়েছে, তাও চলবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের আগে ও ভোটের দিন যাঁরা মারা গেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ভোট বাতিলের দাবিতে ১১ জানুয়ারি মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চলছে, তা বন্ধে দলের চেয়ারপারসন খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন সেলিমা রহমান।

প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, একটি সবজিবোঝাই ট্রাক উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি গতকাল রাত আটটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হোড়গাতীতে পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে ট্রাকটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
ঘটনাস্থলেই ট্রাকের যাত্রী ইমরান হোসেন (২০) নিহত হন। চালকসহ চারজন অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে।
জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের দক্ষিণ পাশে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে হামলা, ভাঙচুর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন হরতাল ও অবরোধ-সমর্থকেরা। স্থানীয় থানার পুলিশ ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ট্রেনটি পাঁচবিবি স্টেশনে এসে পৌঁছার পর এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ সময় পেট্রলবোমাও ছোড়া হয়। তবে তা বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হননি।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি, মহেশপুর, ব্র্যাক মোড়, সাথী সিনেমা ও জনতা ব্যাংক মোড়ে বেলা ১১টার দিকে অন্তত ৪০টি যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ছোড়ে। এতে কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হন।
এ ছাড়া চৌমাথা এলাকায় পুলিশের বেধড়ক লাঠিপেটায় হরতাল-সমর্থক, পথচারী, সাংবাদিক, সাদা পোশাকধারী পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে উপজেলা শহরে পুলিশ ও হরতাল-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মহেষপুর এলাকায় হরতাল-সমর্থকদের ধাওয়ায় একটি মালবাহী ট্রাক উল্টে খাদে পড়ে চালকসহ তিনজন আহত হন। সন্ধ্যার পর থেকে উপজেলা সদরের পার্শ্ববর্তী সুইগ্রাম, নিশ্চিন্তপুর, উদয়সাগর ও গিরিধারীপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান শুরু করে।
উপজেলা শহরের জুনদহ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ভোরে প্রথম আলো পত্রিকা বহনকারী একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে দুর্বৃত্তরা। ভ্যানটি বগুড়া থেকে রংপুরে যাওয়ার পথে এ হামলার শিকার হয়। তারা প্রায় ২০০ কপি পত্রিকাও ছিনিয়ে নেয়।
কক্সবাজার সদর উপজেলার ঈদগা বাজার স্টেশনে দুপুর সাড়ে ১২টায় জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দুই পুলিশসহ ১২ জন আহত হন। পরে পুলিশ শিবিরের ছয় কর্মীকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা বাজার স্টেশনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার পলিটেকনিকে ছাত্রশিবির ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। কলেজের প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে এ সংঘর্ষ হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, পুলিশ ছাত্রশিবিরের কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি লোকমান হাকিমকে আটক করেছে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি আসকার দীঘিরপাড় এলাকায় সকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল হামলা করেন শিবিরের কর্মীরা। হামলার পর পালানোর সময় পুলিশ গুলি ছুড়লে সাইফুল ইসলাম নামের এক কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর জামায়াতের ছয় কর্মীকে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মির্জা সায়েম মাহমুদ।
নোয়াখালীতে বিএনপির নেতা-কর্মীদের মিছিলে পুলিশের বাধা ও গুলিতে পাঁচজন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে সুধারাম (সদর) থানার সামনে এ ঘটনা ঘটে। হামলার জের ধরে বেলা ১১টার দিকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মীরা হাসপাতাল সড়কে ১৪-১৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, মিছিলে মতিন নামে ১৮-১৯টি মামলার পলাতক এক আসামি ছিল। পুলিশ তাকে ধরার জন্য গেলে বিএনপির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ বাধ্য হয়ে দুটি গুলি করে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং হামলার ঘটনা ঘটে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হরতালের সমর্থনে বের করা বিএনপির মিছিল থেকে দুটি হোটেলে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকাল ১০টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পাবনার ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় পর পর দুটি ককটেল হামলা হয়।
বগুড়ায় রেলে নাশকতার জন্য ককটেল নিয়ে অপেক্ষা করার সময় পুলিশ শিবিরের এক কর্মীকে আটক ও চারটি ককটেল উদ্ধার করেছে। এ সময় শিবিরের অন্য কর্মীরা পালিয়ে যান। পুলিশ এ সময় ২৫-৩০টি ফাঁকা গুলি করে। গতকাল সন্ধ্যা ছয়টায় বগুড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বগুড়া সদর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঢাকায় ঢিলেঢালা কর্মসূচি: গতকাল হরতাল-অবরোধে ঢাকায় গণপরিবহন, ব্যক্তিগত গাড়ির চলাচল অন্য যেকোনো হরতাল-অবরোধের তুলনায় অনেক বেশি ছিল। তবে প্রধান প্রধান সড়কের পাশের দোকানপাট বন্ধ ছিল। ফুটপাতে হকাররা শীতের পোশাক বিক্রি করেছেন। কয়েকটি বড় শপিং মল খোলা ছিল।
বিএনপি-জামায়াতসহ ১৮-দলীয় জোটের অন্য শরিকদের কোনো মিছিল-সমাবেশ চোখে পড়েনি। তবে বিএনপি ও জামায়াত মগবাজার, মালিবাগ ও বাড্ডায় মিছিল করেছে। নগরের ভেতরে গাড়ি চলাচল থাকলেও গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার গাড়ি ছাড়েনি। সদরঘাট থেকে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে। এগুলোতে যাত্রী তুলনামূলক কম ছিল।
বরাবরের মতো হরতাল-অবরোধ ডেকে বিএনপি ও জোটের নেতারা রাজপথে বের হননি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতা-কর্মী ছিলেন না। সেখানে পুলিশের কয়েকজন সদস্য মোতায়েন ছিল।
ঢাকায় হরতাল-অবরোধে নাশকতার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঢাকার লক্ষ্মীবাজারে হরতালকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ওই স্থান থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।