পেট্রলবোমায় নিহতদের পরিবারকে সহায়তা দিল এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষতিগ্রস্ত পরিবারকে টাকা তুলে দিচ্ছেন এফবিসিসিআইয়ের সভাপতি
ক্ষতিগ্রস্ত পরিবারকে টাকা তুলে দিচ্ছেন এফবিসিসিআইয়ের সভাপতি

সম্প্রতি রাজনৈতিক সহিংসতায় পেট্রলবোমায় অগ্নিদগ্ধে নিহত ১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আজ সোমবার দুপুরে এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে এই সহায়তা দেওয়া হয়। এ সময় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়।

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এই অর্থ তুলে দেন। এ সময় কণ্ঠশিল্পী ও সাংসদ মমতাজ বেগম, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি মো. হেলাল উদ্দিন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘রাজনীতির নামে সাম্প্রতিক যে সহিংসতা চলছে, তা নিন্দনীয় ও অসমর্থনযোগ্য। আমরা এর অবসান চাই।’ তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য এফবিসিসিআইয়ে একটি পৃথক সেল গঠন করা হয়েছে। নিহত ব্যক্তিদের সন্তানদের এফবিসিসিআইয়ের পরিচালকদের শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হবে জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, আনোয়ার হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন, আবু মোতালেব, মো. হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া এফবিসিসিআইয়ের অধিভুক্ত চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা এবং নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।