পেট্রলবোমায় প্রিসাইডিং কর্মকর্তা দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের দিন প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক সাইদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ হন তিনি। হাসপাতালের বিছানায় স্বামীর পাশে উত্কণ্ঠায় স্ত্রী মাহফুজা বেগম। ছবিটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল তোলা  প্রথম আলো
নির্বাচনের দিন প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক সাইদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ হন তিনি। হাসপাতালের বিছানায় স্বামীর পাশে উত্কণ্ঠায় স্ত্রী মাহফুজা বেগম। ছবিটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল তোলা প্রথম আলো

পেট্রলবোমায় গুরুতর আহত স্বামীর পাশে হাসপাতালের বিছানায় নির্বাক বসে আছেন মাহফুজা বেগম। প্রিয় মানুষটির জন্য অজানা শঙ্কায় দুই দিন ধরে নাওয়া-খাওয়া ছেড়েছেন তিনি। স্বামী সাইদুল ইসলাম (৪৫) শিক্ষকতা করেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে।
রোববার ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন শেষে ব্যালটবাক্স জমা দিতে গিয়ে নির্বাচনবিরোধীদের বোমা হামলার শিকার হন তিনি। ঝলসে গেছে তাঁর মুখ, হাতসহ শরীরের বেশ কিছু অংশ। হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছেন তিনি।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল দুপুরে চিকিৎসাধীন সাইদুল ইসলামের স্বজনদের সঙ্গে কথা হয়। এ সময় মাহফুজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মানুষটা কলেজে পড়ানো ছাড়া কিছুই বুঝত না। চাকরির খাতিরেই তাঁর ঘাড়ে ভোটের দায়িত্ব এসে পড়ে। সেই ভোট নিতে যাওয়াটাই কাল হলো। নিরীহ মানুষটা ভোট নিয়ে ফেরার পথে পেট্রলবোমা হামলার শিকার হন। এখন কী হবে জানি না। কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে পারেননি। শুধু কাতরাচ্ছেন।’
আহত শিক্ষকের ছোট ভাইয়ের স্ত্রী সুমিয়া তুহিন জানান, স্ত্রী ও দুই সন্তান নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের ঘোষপাড়ায় বসবাস করেন সাইদুল ইসলাম। দশম ও পঞ্চম শ্রেণীতে পড়ে দুই ছেলে। কলেজশিক্ষক হওয়ায় এবার প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে উপজেলার পোন্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট নেওয়ার দায়িত্ব পড়ে তাঁর। ভোট গণনা শেষে বিকেল পাঁচটার দিকে তিনি ব্যালট বাক্স বুঝিয়ে দিতে উপজেলা সদরে যাচ্ছিলেন। সদরের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের পেছনের রাস্তায় আসামাত্র হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় বগুড়ায় আনা হয়।
হাসপাতালের শল্য বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল আলম বলেন, ‘পেট্রলবোমায় সাইদুল ইসলামের মুখ ও হাত পুড়ে গেছে। মুখমণ্ডলের পুরোটাই পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
রাত আটটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে সুমিয়া তুহিন জানান, অবস্থার অবনতি হওয়ায় বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে স্বজনেরা কলেজশিক্ষককে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন।