পেট্রলসহ ছাত্রলীগের তিন নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গতকাল বুধবার রাতে পেট্রলসহ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাত পৌনে আটটার দিকে বাস টার্মিনালের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী গাড়ির পাশ থেকে ছাত্রলীগের ওই তিন কর্মীকে আটক করা হয়। তাঁরা হলেন জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ মোল্লা (২৪) এবং ছাত্রলীগের কর্মী লিমন (২২) ও রানা (১৯)।
পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, তাঁদের কাছে দুটি পানির বোতলে পেট্রল এবং সঙ্গে দিয়াশলাই পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এম এ হাসেমসহ পুলিশ কর্মকর্তারা আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছিলেন। সুদর্শন রায় বলেন, সাজ্জাদ, লিমন ও রানাকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাইল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে ব্যবহারের জন্য তাঁরা পেট্রল কিনে নিয়ে যাচ্ছিলেন বলে শুনেছি।’