পেট্রাপোল চেকপোস্টের দায়িত্ব নিচ্ছে ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এবং সীমান্ত-বাণিজ্যকে আরও গতিশীল করতে এবার পেট্রাপোল (হরিদাসপুর) চেকপোস্টের দায়িত্ব নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। আজ বুধবার থেকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই দায়িত্ব পালন করবেন। এত দিন এই দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। কিন্তু চোরাচালান রোধে ও অনুপ্রবেশ ঠেকাতে তারা যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেকপোস্টের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। জানা গেছে, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। পেট্রাপোলের অপর পারে বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট। এই পেট্রাপোল-বেনাপোল চেকপোস্টই এখন এশিয়ার সর্ববৃহৎ ল্যান্ড কাস্টমস স্টেশন। কয়েক বছর আগেও পেট্রাপোল চেকপোস্টের দায়িত্বে ছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশের বিবাদের জের ধরে চেকপোস্টের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয় বিএসএফকে। গতকাল মঙ্গলবার বিকেলে পেট্রাপোলের অভিবাসন দপ্তরের পুলিশের এক কর্মকর্তা জানান, তাঁরাও খবরটি শুনেছেন। তবে এখন পর্যন্ত পেট্রাপোলে এসংক্রান্ত কোনো নির্দেশনা তাঁদের কাছে পৌঁছায়নি।