দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় তেল-গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং আমেরিকান কোম্পানি কনোকো ফিলিপসের মধ্যে আলোচনা প্রায় তিন মাস পর আজ সোমবার আবার শুরু হচ্ছে। কনোকোর কিছু শর্তের কারণে এত দিন তা বন্ধ ছিল। গত বছরের ৫ থেকে ৮ অক্টোবর এই দুই পক্ষের মধ্যে প্রথম দফা আলোচনা হয়েছিল।সরকারি সূত্রগুলো জানায়, গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ক্ষেত্রের মধ্যে ভারত ও মিয়ানমারের দাবি করা এলাকা বাদ দিয়ে অনুসন্ধানের সরকারি শর্ত মেনেই কনোকো ফিলিপস উত্পাদন অংশীদারি চুক্তি (পিএসসি) স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। গত বছরের ৫ থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত এই আলোচনার পর নভেম্বর মাসের প্রথম দিকে আবার আলোচনার কথা থাকলেও তা হয়নি। এত দিন আলোচনা বন্ধ থাকায় দেশের প্রয়োজন ও সরকারের পরিকল্পনা অনুযায়ী পিএসসি স্বাক্ষর করে এ বছর শুকনো মৌসুমে (নভেম্বর-মার্চ) সমুদ্র অনুসন্ধানের কাজ শুরু হচ্ছে না।আজকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কনোকোর সঙ্গে আলোচনা হচ্ছে। আলোচনায় দুই পক্ষেরই আলাদা অবস্থান থাকতে পারে। দেখা যাক কী ফল হয়। তবে চলতি শুকনো মৌসুমে বোধহয় কাজ শুরু করা সম্ভব হবে না।’কনোকোর দাবি: গত অক্টোবর মাসের শুরুতে আলোচনা শেষ করার পর কনোকো ফিলিপস বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে জানায়, তারা প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করে আটটি ক্ষেত্রে পিএসসি স্বাক্ষরের জন্য যোগ্য বিবেচিত হয়েছে বলে পেট্রোবাংলা তাদের জানিয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে দুটি ক্ষেত্রে অনুসন্ধানের জন্য পিএসসি স্বাক্ষর করতে।চিঠিতে বলা হয়, কনোকো সরকারের এ সিদ্ধান্তকেও স্বাগত জানায়। তবে তারা অন্য যে ছয়টি ক্ষেত্রে পিএসসি স্বাক্ষরের জন্য যোগ্য বিবেচিত হয়েছিল, সেগুলোতে অনুসন্ধানের জন্য সরকার যখনই পিএসসি স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে তখনই তাদের আহ্বান করা হবে—এই মর্মে সরকার তাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করুক, এটা তারা চায়।মন্ত্রণালয়ের সূত্র জানায়, সরকার এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কনোকো ফিলিপসকে এ বিষয়ে কিছু জানায়ওনি। এই প্রেক্ষাপটে আজ সকাল ১০টায় পেট্রোবাংলা-কনোকো আলোচনা শুরু হচ্ছে। কনোকো ফিলিপসের প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার জ্বালানিসচিব মোহাম্মদ মহসীনের সঙ্গে সাক্ষাত্ করবেন।