পেট্রোবাংলা-বাপেক্সের বিরুদ্ধে নাইকোর মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস লিমিটেডের দায়ের করা মামলা পেট্রোবাংলা ও বাপেক্সের বিরুদ্ধে চলবে। তবে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে মামলা চলবে না। কেননা, সেই এখতিয়ার ট্রাইব্যুনালের নেই।
বিনিয়োগ বিতর্ক নিরসনসংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট’ সংক্ষেপে ‘ইকসিড’ গতকাল মঙ্গলবার মামলার এখতিয়ার প্রশ্নে দেওয়া আদেশে এ কথা বলেছেন।
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ইকসিডের রায়ের ফলে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের দায়ে ৭৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে পেট্রোবাংলার দায়ের করা মামলাটির রায়ের আলোকেই ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তি হবে।
মামলার প্রেক্ষাপট: সরকার টেংরাটিলা ও ফেনী গ্যাসক্ষেত্রকে ‘প্রান্তিক’ দেখিয়ে ক্ষেত্র দুটি থেকে গ্যাস তোলার জন্য নাইকো-বাপেক্স যৌথ উদ্যোগের সঙ্গে চুক্তি করেছিল। এর অধীনে নাইকোর অদক্ষ কূপ খনন-প্রক্রিয়ার কারণে ২০০৫ সালে দুবার সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ ঘটে—প্রথম ৭ জানুয়ারি ও দ্বিতীয়বার ২৪ জুন। এর ফলে ওই গ্যাসক্ষেত্র ও সন্নিহিত এলাকায় পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
সরকার তথা পেট্রোবাংলা প্রথমে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করে। কিন্তু তা সফল না হওয়ায় ২০০৮ সালে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ক্ষতিপূরণ দাবি করে মামলা করে। মামলাটি এখনো চলমান। এর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
অপরদিকে ফেনী গ্যাসক্ষেত্র থেকে নাইকো-বাপেক্সের যৌথ চুক্তির অধীনে গ্যাস তুলে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছিল।
কিন্তু টেংরাটিলা বিস্ফোরণের পর পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি মামলা করে। এতে টেংরাটিলার ক্ষতিপূরণ দাবি করা ছাড়াও বলা হয়, নাইকোর সঙ্গে সরকার অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তিটি করেছে। তাই চুক্তি বাতিল করা দরকার। কিন্তু হাইকোর্ট চুক্তি বাতিলের কোনো নির্দেশনা দেননি।
পরে অবশ্য কানাডার আদালতে প্রমাণিত হয়েছে যে, ওই চুক্তি সম্পাদনে দুর্নীতি হয়েছিল। তা ছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ বিষয়টিকে কেন্দ্র করে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া এবং সাবেক সচিব ও বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল।
তবে বেলার করা মামলায় হাইকোর্টের আদেশে বলা হয়েছিল, টেংরাটিলার ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত নাইকোকে ফেনীর গ্যাসের দাম পরিশোধ করা যাবে না। এই আদেশের ফলে পেট্রোবাংলা নাইকোকে গ্যাসের দাম দেওয়া বন্ধ করে দেয়।
ইকসিডে মামলা ও আদেশ: নাইকো ইকসিডের কাছে দুটি বিষয়ে অভিযোগ করে। এক, টেংরাটিলায় বিস্ফোরণের দায় তাদের ওপর বর্তায় কি না এবং বাংলাদেশ ও পেট্রোবাংলা এই ক্ষতিপূরণ দাবি করতে পারে কি না। দুই, ফেনী ক্ষেত্র থেকে সরবরাহ করা গ্যাসের দাম পরিশোধ পেট্রোবাংলা বন্ধ রাখতে পারে কি না। এই মামলায় নাইকো বাংলাদেশ রাষ্ট্র, পেট্রোবাংলা-বাপেক্সকে প্রতিপক্ষ করে।
ইকসিডের আদেশে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এ মামলা চলবে না। তবে যৌথ অংশীদারত্ব চুক্তির (জেভিএ) অধীনে বাপেক্সের বিরুদ্ধে এবং গ্যাস কেনাবেচা চুক্তির (জিপিএসএ) অধীনে পেট্রোবাংলার বিরুদ্ধে মামলা চলবে। মামলার পরবর্তী কার্যক্রম এবং এই মামলার ব্যয় কে বহন করবে, সে সম্পর্কে ট্রাইব্যুনাল পরে আদেশ দেবেন।