পেট্রোবাংলায় নিয়োগ-দুর্নীতি অনুসন্ধানে নতুন দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলার সদ্য সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন একটি দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপপরিচালক ঋত্বিক সাহার নেতৃত্বে দলটির আরেক সদস্য হলেন সহকারী পরিচালক মো. আল আমিন।
ঋত্বিক সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক গতকাল বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে জানান, দ্রুত অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পেট্রোবাংলার ১৩টি প্রতিষ্ঠানে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, শতকোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে এ বছরের শুরুর দিকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ৯ মার্চ দুদকের উপপরিচালক আহসান আলীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। পরে ১৩ এপ্রিল সহকারী পরিচালক শেখ আবদুস সালামকে অনুসন্ধান কর্মকর্তার এ দায়িত্ব দেওয়া হয়। অনুসন্ধান শেষে ৭ সেপ্টেম্বর হোসেন মনসুরসহ ১১ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন চেয়ে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেন তিনি।
সূত্র জানায়, প্রতিবেদনটি আমলে না নিয়ে আরও পর্যালোচনা করে অনুসন্ধান প্রতিবেদন তৈরির নির্দেশনা দিয়ে ২৩ সেপ্টেম্বর অনুসন্ধান কর্মকর্তার কাছে ফেরত পাঠায় কমিশন। ৩০ সেপ্টেম্বর দুদকের এক আদেশে আবদুস সালামকে অব্যাহতি দিয়ে উপপরিচালক ঋত্বিক সাহাকে অনুসন্ধান কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।