পেট্রোবাংলার চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পেট্রোবাংলার চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপির সংসদীয় প্রতিনিধিদল। একই সঙ্গে তারা চার সিটিতে ভোট গ্রহণের দিন সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।

গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদল এ দাবি জানায়। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিনের নেতৃত্বে সাতজন সাংসদ এ প্রতিনিধিদলে ছিলেন।

কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর রাজশাহী সিটি করপোরেশন এলাকায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের উদ্বোধন করেন। বিষয়টি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী উল্লেখ করে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন কমিশনে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা পেট্রোবাংলার চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে মাহবুব উদ্দিন সাংবাদিকদের বলেন, নির্বাচনী এলাকায় গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন করে পেট্রোবাংলার চেয়ারম্যান আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে ভোটারদের লোভ দেখিয়েছেন। সেখানে সরকার-সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান উপস্থিত না থাকলেও ক্ষমতাসীন মহাজোটের সাংসদ ফজলে হোসেন বাদশা উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।

এ ছাড়া নির্বাচন সুষ্ঠু করতে চার সিটিতে সেনাবাহিনী মোতায়েনের দাবি করা হয়েছে বলে মাহবুব উদ্দিন জানান। তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে নয়, সংসদীয় দলের পক্ষ থেকে আমরা এসেছি। দল কাউকে মনোনয়ন দেয়নি, তবে প্রার্থীকে আমরা সমর্থন দিয়েছি।’

সিইসি বলেন, পেট্রোবাংলার চেয়ারম্যান ও রাজশাহীর ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চার সিটিতে এখন পর্যন্ত সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।