কক্সবাজারের মহেশখালীতে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের লক্ষ্যে এক্সিলারেট এনার্জি সিঙ্গাপুর নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার ‘টার্মিনাল ইউজ অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষর করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। এই টার্মিনাল থেকে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর জ্বালানি-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সিঙ্গাপুরভিত্তিক এই প্রতিষ্ঠানটি আগামী ২৩ মাসের মধ্যে এলএনজি টার্মিনাল স্থাপন করবে।
গত বছরের জানুয়ারিতে সমঝোতা হওয়ার পরিপ্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষরিত হলো। এখন একটি ধাপ বাকি। এরপরই এলএনজি টার্মিনাল কাজ শুরু করতে পারবে। সিঙ্গাপুরভিত্তিক এক্সিলারেট এনার্জি এ প্রকল্পে কাজ করবে ‘এক্সিলারেট এনার্জি বাংলাদেশ’ হিসেবে। কর্মকর্তারা আশা করছেন, আগামী দুই মাসের মধ্যে এক্সিলারেট এনার্জির সঙ্গে সর্বশেষ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপরই প্রকল্পের কাজ শুরু হবে।
অনুষ্ঠানে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সব ঠিক থাকলে ২০১৮ সালের শুরুতে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। তিনি বলেন, এই প্রকল্প শিল্পকারখানায়, বিশেষত পোশাকশিল্প কারখানায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।
প্রায় ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার এলএনজি ধারণ ক্ষমতাসম্পন্ন এই টার্মিনাল থেকে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে।