পেট্রোলিয়াম করপোরেশন বিল পাস
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিল-২০১৬ আজ রোববার জাতীয় সংসদে পাস হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিল উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।
বিলের ওপর বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম ও রওশন আরা মান্নানের দেওয়া কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়।
১৯৩৪ সালের পেট্রোলিয়াম আইনটি ১৯৭৬ সালে সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। সামরিক শাসনামলে জারি করা সেই অধ্যাদেশটি বাতিল করে নতুন আইন করতে বিলটি পাস হয়েছে।
বিলে বলা হয়েছে, পেট্রোলিয়াম আমদানি, মজুত ও পরিবহনের বিষয়টি এ আইনের অধীনে প্রণীত বিধিমালা দিয়ে পরিচালিত হবে। বিলে অপরাধের দণ্ড বাড়ানো হয়েছে। বিদ্যমান আইনে পেট্রোলিয়াম আমদানি, মজুত ও পরিবহনে কর্তৃপক্ষকে দুর্ঘটনার সংবাদ না দিলে তিন মাস পর্যন্ত জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে। প্রস্তাবিত আইনে ছয় মাস পর্যন্ত জেল বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে শাস্তির মাত্রা দ্বিগুণ হবে।