পেডরোলো মাউন্টেন বাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা ভ্যালি চা-বাগানে আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী পেডরোলো মাউন্টেন বাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতা। বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব আন্তর্জাতিক মৃত্তিকাবর্ষ ২০১৫ ও বিশ্ব পানি দিবসকে কেন্দ্র করে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর খন্দকার বলেন, দেশের চা-বাগান এলাকায় এবারই প্রথম এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনটি আলাদা শাখায় এ প্রতিযোগিতা হবে। এর মধ্যে রয়েছে ৩০ কিলোমিটার মাউন্টেন বাইক চ্যালেঞ্জ এবং ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ২১ ও ১০ কিলোমিটারের হাফ ম্যারাথন। এ ছাড়া স্থানীয় ২০০ শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হবে। আর প্রতিযোগিতার শেষ দিন সাংস্কৃতিক আয়োজন থাকছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার টাইটেল স্পনসর পেডরোলো এন কে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান, এক্সপোর্ট ম্যানেজার অ্যালিসিও ফ্যাংকেটো, পরিচালক ইমরান খান, এয়ারটেল বাংলাদেশের জোনাল বিজনেস ম্যানেজার ওমর নাসিফ জাহাঙ্গীর ও উত্তরা মটর্সের চট্টগ্রামের তত্ত্বাবধায়ক শহীদুল আলম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাদের খান। তিনি বলেন, দেশের জল ও মাটির তাৎপর্য এবং চা-বাগান নিয়ে সচেতনতা তৈরি করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য ক্রীড়ার মাধ্যমে যুবসমাজে সচেতনতা গড়ে তোলা। পাশাপাশি এ ধরনের উদ্যোগ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করবে।