পেনশন নীতিমালা পরিবর্তনে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক ও সামরিক সরকারি কর্মচারীদের জন্য পেনশনের নতুন বিধান চালুর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। নতুন বিধান অনুসারে ৫০ শতাংশ পেনশন জমা রাখার এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এই দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ চাকরিজীবন শেষে নিম্ন আয়ের কর্মচারীরা পেনশনের শতভাগ টাকা তুলে আর্থিকভাবে সচ্ছল জীবনযাপনের প্রত্যাশায় থাকেন। এই পরিস্থিতিতে সরকারের কতিপয় আমলার ষড়যন্ত্রে একতরফাভাবে ৫০ শতাংশ পেনশন জমা রাখার সিদ্ধান্ত গণকর্মচারীদের স্বার্থের পরিপন্থী। এই সিদ্ধান্ত সারা দেশের সরকারি কর্মচারীদের মনে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে উল্লেখ করে বক্তারা আগের পেনশন নীতিমালা বহাল রাখার দাবি জানান। এই দাবি আদায় না হলে আন্দোলনের হুমকি দেন তাঁরা।
সমন্বয় পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, কার্যকরী সভাপতি এম এ হান্নান, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি