পেনশন ভাতা তুলতে গিয়ে তাঁরা জানলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রেজাউর রহমান (৬৫) ও ইমারত হোসেন (৬৮) প্রতি মাসে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সোনালী ব্যাংকের শাখা থেকে পেনশন ভাতার টাকা উত্তোলন করেন। গত সোমবার সকালে তাঁরা মে মাসের ভাতা ও ঈদ বোনাসের টাকা তুলতে ব্যাংকে আসেন। ব্যাংক কর্মকর্তা তাঁদের জানান, আপনারা আগেই টাকা তুলে নিয়েছেন। কিন্তু তাঁরা বলছেন, তাঁরা আদৌ ব্যাংক থেকে টাকা তোলেননি। টাকা পেতে তাঁরা বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করছেন। এখন পর্যন্ত কোনো ফল হয়নি। ঈদের আগে টাকা না পেয়ে তাঁরা চরম বেকায়দায় পড়েছেন।

রেজাউর রহমান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত অফিস সহকারী (পেনশন বই কোড ২৭০০)। ইমারত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক (পেনশন বই কোড ২৪০০)। মহম্মদপুর উপজেলার মণ্ডলগাতি গ্রামের বাসিন্দা রেজাউর রহমান ও শালধা গ্রামের বাসিন্দা ইমারত হোসেন। নিয়মানুযায়ী অবসরকালীন মাসিক পেনশন বই উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে অনুমোদন করিয়ে প্রতি মাসে তাঁরা ব্যাংক থেকে টাকা তোলেন।

রেজাউর রহমান ও ইমারত হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ২৮ মে তাঁরা পেনশনের বই পাস করানোর জন্য হিসাবরক্ষণ অফিসের সহকারী মন্নু মিয়ার কাছে জমা দেন। গত সোমবার সকালে ওই কার্যালয় থেকে পেনশন বই নিয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা ইমদাদুল হকের কাছে জমা দেন। পরে ইমদাদুল হক জানান, এক দিন আগেই (৪ জুন, রোববার) তাঁদের টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ তাঁরা ওই দিন ব্যাংকেই আসেননি। মে মাসের বেতন ও আসন্ন ঈদের উৎসব ভাতা মিলে ১৫ হাজার করে দুজনের প্রায় ৩০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, তাঁদের কার্যালয় থেকে বই পাস করার পর তা পেনশনধারীদের হাতে তুলে দেওয়া হয়। পরে পেনশনধারীরা ব্যাংক থেকে টাকা তুলে নেন।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের মহম্মদপুর শাখা ব্যবস্থাপক মো. ওয়াজেদ আলী বলেন, ‘ব্যাংক থেকে পেনশনের মাসিক ভাতা তুলতে কোনো স্বাক্ষর করতে হয় না। যে কেউ বই নিয়ে এলেই টাকা তুলতে পারেন। সে রকম কিছু হয়েছে কি না, আমরা খতিয়ে দেখছি।’

রেজাউর রহমান ও ইমারত হোসেন আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ওই টাকা ফিরে পেতে গত দুই দিন ১০-১২ কিলোমিটার দূরের গ্রাম থেকে তাঁরা উপজেলা সদরে হিসাবরক্ষণ ও ব্যাংকের কার্যালয়ে ধরনা দিয়েছেন। কিন্তু কোনো ফল হয়নি। এ ঘটনায় রেজাউর রহমান গতকাল মঙ্গলবার মহম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করছেন।