পেনশনভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘ওয়ান স্টপ পেনশন সার্ভিস’ চালু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন। গতকাল বুধবার এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম।
সকালে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, ৮০০ জন পেনশন সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের স্বজনেরা নবনির্মিত একটি বিশাল কক্ষে বসা। তাঁদের কেউ কেউ টেলিভিশন দেখছেন। কেউ খবরের কাগজ পড়ছেন। বিশাল কক্ষটির একটি স্থানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিচ্ছেন।
কক্ষের ভেতরে সোনালী ব্যাংকের একটি বুথে বসে আছেন দুজন কর্মকর্তা। তাঁরা পেনশনভোগীদের নগদ টাকা বুঝিয়ে দিচ্ছেন। সবার জন্য চা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে সেখানে। পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের স্থানও আছে।
পেনশনের টাকা নিতে আসা স্থানীয় আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ‘আগে আমরা দিনভর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের বাইরে রোদ-বৃষ্টিতে ভিজে কষ্ট করতাম। সকালে এসে পেনশনের টাকা তুলতে ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে সারা দিন কেটে যেত। রাতে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরতাম। এখন ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ায় শেষ বয়সে আমরা একত্র হয়ে আড্ডা দিতে পারব।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ চৌধুরী, সোনালী ব্যাংকের সোনারগাঁ শাখার ব্যবস্থাপক কামাল উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ প্রমুখ।
ইউএনও বলেন, ‘বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সেবা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা এ ধরনের সেবা চালু করেছি। এখন আর পেনশন নিতে এসে কারও হয়রানির শিকার হতে হবে না। প্রতি মাসের ৭ ও ৮ তারিখ এ সেবা চালু থাকবে।’