পেনশনের অপেক্ষায় ১৬ বছর কাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৬ বছরেও মৃত স্বামীর পেনশন-সুবিধা পাননি খাগড়াছড়ির দীঘিনালার খুকু রানী দাশ। বর্তমানে আর্থিক সংকটের কারণে সন্তানের চিকিৎসাও করাতে পারছেন না। স্বামীর পেনশন-সুবিধা পাওয়ার আশায় অনেক টাকা ধারদেনা করে এখন মানবেতর জীবনযাপন করছেন তিনি।খুকু রানী দাশ জানান, উপজেলার পশ্চিম থানাপাড়া গ্রামের সাগর দাশ ১৯৮৪ সালের ১১ আগস্ট উপজেলা পরিষদের জিপচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ১৯৯৬ সালের ২ মে চাকরিতে থাকা অবস্থায় অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান। সেই থেকেই সাগর দাশের পরিবার পেনশন-সুবিধার জন্য মন্ত্রণালয়ে ধরনা দিয়ে আসছেন। খুকু রানী দাশের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ গত ২০ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব খালিদ পারভেজ খান স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লেখা এক পত্রে মৃত জিপচালকের প্রাপ্য সুযোগ-সুবিধার বিষয়টি নিষ্পত্তির জন্য তথ্য চাওয়া হয়। ইউএনও গত ১০ এপ্রিল সাগর দাশের নিয়োগপত্র, মৃত্যুসনদসহ কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান। কিন্তু আজ অবধি খুকু রানী দাশ মৃত স্বামীর পেনশন-সুবিধা পাননি।খুকু রানী দাশ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তিন সন্তানকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছি। টাকার অভাবে ছোট ছেলে রবীন দাশের চিকিৎসা করাতে পারছি না। ছেলের দুই হাত অবশ হয়ে গেছে। দিন দিন ছেলের হাত-পা চিকন হয়ে যাচ্ছে। পেনশনের আশায় আশায় অনেক ধারদেনা করেছি। এখন আর ধারদেনা করে ছেলের চিকিৎসা করারও সাহস পাচ্ছি না। স্বামীর পেনশন-সুবিধা পেলে অন্তত ছেলের চিকিৎসাটা করতে পারতাম।’দীঘিনালার ইউএনও পি কে এম এনামুল করিম বলেন, উপজেলা পরিষদের মৃত জিপচালক সাগর দাশের পেনশন-সুবিধার কাগজপত্র ও তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ই পেনশন-সুবিধা দেওয়ার বিষয়টি নিষ্পত্তি করবে।