স্বামীর পেনশনের টাকার বিষয়ে কথা বলতে গিয়ে দুই ছেলেসহ এক বিধবা নারী রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের লোকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার ওই নারী রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার নুরুল ইসলাম ২৭ বছর ওই ইনস্টিটিউটের পাওয়ার বিভাগে ইনস্ট্রাক্টর পদে চাকরি করেন। তিন বছর আগে তিনি মারা যান। এরপর তাঁর স্ত্রী আনোয়ারা পারভীন ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে পেনশনের টাকার বিষয়ে কথা বলেন। তখন কর্মকর্তারা তাঁর কাছে এক লাখ টাকা বকশিশ দাবি করেন। ওই টাকা দেওয়ার পরও তাঁকে হয়রানি করা হয়। শনিবার তিনি তাঁর দুই ছেলে নাসির ও মাসুম বিল্লাহকে নিয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষ আখতারুজ্জামানের কার্যালয়ে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষের অনুগত কিছু লোক নাসির ও মাসুমকে মারধর করে।বোয়ালিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দুলাল হোসেন জানান, আনোয়ারার অভিযোগ পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ অভিযোগকারীর বিরুদ্ধে ভয়ভীতি দেওয়ার হুমকির পাল্টা অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ব্যাপারে আখতারুজ্জামান জানান, নাসির ও মাসুম তাঁর সঙ্গে দুর্ব্যবহার করায় বাধ্য হয়ে তিনি লোক দিয়ে তাদের তাঁর কার্যালয় থেকে বের করে দেন। থানায় পাল্টা অভিযোগ দেওয়ার কথা তিনি স্বীকার করেন।