পেনিনসুলায় আইয়ুব বাচ্চুর গিটারের ঝংকার
এলআরবির আইয়ুব বাচ্চুর গিটারের ঝংকার আর উন্মাতাল সুর মূর্ছনায় ৬ ডিসেম্বর সন্ধ্যায় নগরের অভিজাত হোটেল দি পেনিনসুলা চট্টগ্রামে জমজমাট সংগীতের আসর বসেছিল। হোটেলের ক্লাব ২১ রেস্তোরাঁয় ‘করপোরেট নাইট ২০১৩’ উপলক্ষে দর্শক মাতিয়ে গেল জনপ্রিয় ব্যান্ড এলআরবি। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক সাংসদ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন ও মহাব্যবস্থাপক মোস্তাক লোহার।
রাত সোয়া নয়টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে আসে ব্যান্ডদল এলআরবি। ‘সং সান ব্লুজ’ শিরোনামের ইংরেজি গান পরিবেশনের মাধ্যমে শুরু তাদের পরিবেশনা। এরপর রাত সাড়ে ১১টা পর্যন্ত একে একে এলআরবির শিল্পীরা পরিবেশন করেন, ‘স্টেয়িং এলাইভ’, ‘ফাইভ হান্ড্রেড মাইলস’সহ ২৫টি গান। আসরে এলআরবির একমাত্র পরিবেশিত বাংলা গানটি ছিল ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’।
গানের শেষে কিছুক্ষণ দর্শকদের গিটারের সুর মূর্ছনায় মাতিয়ে রাখেন আইয়ুব বাচ্চু। এরপর ছিল ডিজে জেসনের পরিবেশনায় ডিজে শোর আয়োজন। ডিজে বাজনার তালে তালে অবশেষে শেষ হয় পেনিনসুলার এ আনন্দ আয়োজন।