পেন্নাই-মতলব সড়ক ঈদের আগে সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেন্নাই-মতলব-বাবুরহাট সড়ক ঈদের আগে সংস্কারের দাবি জানিয়েছেন এ সড়কে চলাচলকারী বাসমালিক, চালক ও এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, ওই সড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারইকান্দি থেকে কানাছোয়া পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন স্থান খানাখন্দে ভরে গেছে। এসব জায়গা দিয়ে ঝুঁকি নিয়ে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, ভটভটি, প্রাইভেট কার, লেগুনা, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সড়কটি দিয়ে মতলব, ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর সদর ও দাউদকান্দির একাংশের লোকজন চলাচল করে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কুমিল্লা কার্যালয় সূত্রে জানা যায়, ৪৩ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে ২০৫টি বাঁক রয়েছে। এই সড়কের দাউদকান্দি অংশের দৈর্ঘ্য সাড়ে ১৬ কিলোমিটার। ২০১০-১১ অর্থবছরে জরাজীর্ণ সড়কটির সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, প্রশস্তকরণ, ভূমি অধিগ্রহণ ও বাঁক সোজা করার জন্য বরাদ্দ আসার পর কাজ শুরু হয়। মাঝপথে ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিলে কাজটি বন্ধ হয়ে যায়।

সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফ উদ্দিন জানান, ভাঙা সড়ক সংস্কারের কাজ শুরু করার চেষ্টা চলছে।

এ সড়কে চলাচলকারী বাস জৈনপুরী পরিবহনের মালিক মো. আরিফ বলেন, তিন দিন চলার পর বাসের পাতি ভেঙে সড়কে আটকে যায়। ঢাকা থেকে মিস্ত্রি এনে নতুন পাতি লাগাতে হয়, তা ছাড়া অন্যান্য যন্ত্রও নিয়মিত নষ্ট হচ্ছে। এতে মালিকেরা প্রতি মাসে লাভের পরিবর্তে লোকসান গুনছেন। তাঁর দাবি, এখন শুধু জনস্বার্থে এবং ব্যবসায়ের সুনাম ধরে রাখার জন্য মালিকেরা লোকসান দিয়েও বাসগুলো চালিয়ে যাচ্ছেন।

মতলব দক্ষিণ উপজেলার আচলচিলা গ্রামের শহীদ পাটোয়ারি বলেন, এ সড়ক দিয়ে যাতায়াত করতে এখন ভয় লাগে, কারণ পুরো সড়কের অবস্থা ঝুঁকিপূর্ণ।

দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব উদ্দিন বলেন, ঝুঁকিপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

বিটেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘উপজেলার মাসিক সভায় ঝুঁকিপূর্ণ সড়কটির কথা নিয়মিত আলোচনা করছি।’