পেপার মিলকে সাড়ে ২০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদীদূষণের অভিযোগে নারায়ণগঞ্জে একটি বর্জ্য পেপার রিসাইক্লিং কারখানাকে সাড়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায় অবস্থিত ইসলামি বোর্ড ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহামঞ্চদ মুনীর চৌধুরী কারখানার ব্যবস্থাপনা পরিচালককে এই দণ্ড দেন। একই সঙ্গে কারখানাটির ইটিপি স্থাপন ও পরিবেশ ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত অপরিশোধিত তরল বর্জ্য শীতলক্ষ্যায় নির্গমন না করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানায়, পাগলার চিত্রাশালে অবস্থিত ইসলামি বোর্ড ফ্যাক্টরি নামক এ কারখানার তরল বর্জ্যের নমুনা বিশ্লেষণ করে এতে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় শূন্য। অথচ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী পানিতে ন্যূনতম দ্রবীভূত অক্সিজেন ৪.৫-৮.০ মিলিগ্রাম/লিটার থাকা বাধ্যতামূলক। পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে দেখা যায়, এ কারখানা থেকে ১২ কোটি ৮৬ লাখ লিটার দূষিত তরল বর্জ্য নয়ামাটি খাল দিয়ে শীতলক্ষ্যা নদীতে মিশ্রিত হয়েছে, যা ওই নদীর মৎস্যসম্পদ, জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান পরিবেশ আইন, বর্জ্য পরিশোধনাগার, পরিবেশ আইনে শাস্তির বিধান সম্পর্কে কোনোভাবেই অবগত নয় মর্মে জানান। কারখানাটি বন্যাপ্রবাহ অঞ্চলে অবস্থিত বিধায় রাজউক কর্তৃক অনুমোদিত নয়। এ কারণে বর্জ্য ফেলে শীতলক্ষ্যা নদীদূষণের অভিযোগে কারখানাকে ২০ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।