পেপার সেপ্র বন্ধে সরকারকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ঘণ্টার মধ্যে তরল কাঁদানে গ্যাস পেপার স্প্রে বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পুলিশকে এ ধরনের গ্যাসের ব্যবহার বন্ধের জন্য সরকারকে অনুরোধ জানিয়ে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া এ নোটিশ পাঠান। পরে আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, রেজিস্ট্রি ডাকযোগে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালকের কাছে নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ‘পেপার স্প্রে’ বন্ধ না করা হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে। নোটিশে বলা হয়, লস অ্যাঞ্জেলস টাইমস ১৯৯০ থেকে ১৯৯৫ সালের মধ্যে এই ‘পেপার স্প্রে’ ব্যবহারের ফলে ৬১টি মৃত্যুর উদাহরণ দিয়েছে। এতে ক্যান্সারও হতে পারে বলে ইউএস আর্মির এক গবেষণায়ও বলা হয়েছে। এছাড়াও হূদযন্ত্র, ফুসফুস, স্নায়ু ও মস্তিষ্কের ক্ষতির পাশাপাশি এটি প্রাণ সংহারের কারণ হতে পারে। নোটিশে আরও বলা হয়, কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, সরকার বিরোধী বিভিন্ন সভা-সমাবেশে এমনকি পেশাজীবী শিক্ষকদের উপরও মানবদেহের জন্য ক্ষতিকারক এ স্প্রে প্রয়োগ করা হচ্ছে। কিন্তু একজন নাগরিকের সুস্থভাবে বাঁচার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সংবিধানে রয়েছে। মৌলিক অধিকারের পরিপন্থী যেকোনো কাজই সংবিধান ও মানবাধিকারের লঙ্ঘন।