পেপার সেপ্রর ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবদেহের ওপর পেপার স্প্রের ব্যবহার বন্ধে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের আদালতে আজ এ আবেদনের ওপর শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ আবেদনকারী হয়ে রিটটি করেন। রিটে ওই নির্দেশনার পাশাপাশি রুলও চাওয়া হয়েছে। মানবদেহে পেপার স্প্রেসহ অন্যান্য রাসায়নিক পদার্থ ছিটানো বা অস্ত্রের ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পেপার স্প্রের ব্যবহার কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে রিটে বিবাদী করা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেপার স্প্রের ব্যবহার বন্ধ রাখার অন্তর্বর্তীকালীন নির্দেশনার আরজিও রয়েছে রিটে। ড. ইউনূস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ‘সংবিধানের ৩৫ (৫) অনুচ্ছেদ অনুসারে কারও ওপর অমানবিক নির্যাতন করা যাবে না। অথচ মানবদেহের ওপর পেপার স্প্রে ব্যবহার করা হচ্ছে। এটা মানবদেহের জন্য ক্ষতিকর। সংবিধানের ৩৭ অনুচ্ছেদ অনুসারে নাগরিকদের সভা ও সমাবেশ করার অধিকার আছে। এসব যুক্তিতে রিটটি করা হয়।’ ১৭ জানুয়ারি পেপার স্প্রে ছোড়া বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। এতে পুলিশের এ ধরনের তরল কাঁদানে গ্যাস ছোড়া বন্ধের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালকের প্রতি এ নোটিশ পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে একলাছ উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আইনি নোটিশের জবাব না পাওয়ায় গতকাল রিট আবেদন করা হয়েছে। শুনানির জন্য আবেদনটি আজ সোমবার আদালতে দাখিল করা হবে।