পেপারবুক থেকে আসামিদের জবানবন্দি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানিতে আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল মঙ্গলবার পঞ্চম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে অভিযোগপত্র উপস্থাপন শেষে ৩৪ আসামির জবানবন্দি উপস্থাপন করে।

বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

এ মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানির জন্য চলতি মাসে বিশেষ বেঞ্চ গঠন করা হয়। ১৮ জানুয়ারি শুনানি শুরু হয়। সেদিন রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে মামলার প্রাথমিক তথ্যবিবরণী তুলে ধরে তা পড়ে শোনায়। ১৯ জানুয়ারি থেকে রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে অভিযোগপত্র উপস্থাপন শুরু করে। গতকাল অভিযোগপত্র উপস্থাপন শেষে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও মোশাররফ হোসেন সরদার। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আমিনুল ইসলাম ও শামীম সরদার। পরে জাহিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, পেপারবুক (মামলার বৃত্তান্ত ও রায়সহ বই) থেকে ১ হাজার ১৪ পৃষ্ঠার অভিযোগপত্র উপস্থাপন শেষ হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ৪৯০ জন আসামির মধ্যে ৩৪ জনের জবানবন্দি উপস্থাপন করা হয়েছে। আজ বুধবার শুনানি হবে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দেওয়া হয়। রায়ের পর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে আসামিপক্ষ। খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষও আপিল করে।

আইনজীবী সূত্র জানায়, ডেথ রেফারেন্সের সঙ্গে ১১৪টি আপিল ও ১৪১টি জেল আপিল রয়েছে। পাশাপাশি ৬৯ জন আসামিকে খালাস দেওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের একটি আপিল শুনানির জন্য রয়েছে।