পেয়ারায় মড়ক থামছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কালহইরে ফিজুরিয়াম উইন্ট (ঢলে পড়া) রোগে আক্রান্ত হয়ে মরে যাওয়া পেয়ারাগাছ কেটে ফেলছেন চাষিরা। (ইনসেটে) বেঁাটা শুকিয়ে এভাবেই ঝরে পড়ে পেয়ারা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কালহইরে ফিজুরিয়াম উইন্ট (ঢলে পড়া) রোগে আক্রান্ত হয়ে মরে যাওয়া পেয়ারাগাছ কেটে ফেলছেন চাষিরা। (ইনসেটে) বেঁাটা শুকিয়ে এভাবেই ঝরে পড়ে পেয়ারা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পেয়ারাবাগানের মড়ক থামছে না। কৃষিবিদেরা এ রোগের সমাধান দিতে পারছেন না বলে অভিযোগ চাষিদের। মড়কে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। হুমকির মুখে রয়েছে আরও অনেক পেয়ারাবাগান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সাজদার রহমান বলেন, ‘ফিজুরিয়াম উইল্ট অর্থাৎ ঢলে পড়া রোগে আক্রান্ত হয়ে এ মড়ক লেগেছে। আমরা সর্বাত্মকভাবে এ রোগ প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার বলেন, জরিপ চালিয়ে দেখা গেছে, নাচোলে ২৮ হাজার ২৩৪ পেয়ারাগাছ এ রোগে আক্রান্ত হয়েছে।
গত মঙ্গলবার নাচোলের ফতেপুর ইউনিয়নের পেয়ারাবাগানসমৃদ্ধ এলাকা কালহইরে শরিফ উদ্দীনের বাগানে রোগাক্রান্ত হয়ে মরে যাওয়া গাছ কেটে ফেলতে দেখা যায়। শরিফ জানান, মড়কে তাঁর তিন বছর বয়সী ১২ বিঘার পেয়ারাবাগান পুরোটাই শেষ হওয়ার পথে। কার্তিকের মাঝামাঝি থেকে বাগানের পেয়ারাগাছ রোগাক্রান্ত হতে শুরু করেছে। প্রথম থেকেই তিনি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন। কৃষি কর্মকর্তা সরেজমিন পর্যবেক্ষণ না করেই পরামর্শ দিয়েছেন। এসেছেন কীটনাশক কোম্পানির বড় কর্তারা। তাঁরাও পরামর্শ দিয়েছেন। যখন যেটা পরামর্শ পেয়েছেন, তা-ই করেছেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। ১২ বিঘা জমির ১ হাজার ৪০০ গাছের মধ্যে ৮৫০টি মারা গেছে। বাকি গাছের পেয়ারাও শুকিয়ে ঝরে পড়ছে। এ পর্যন্ত বাগানের পেছনে ১২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে নিজের পাঁচ লাখ, বাকিটা মহাজনদের কাছে নেওয়া ঋণ। কীটনাশকের দোকানদারদের কাছে রয়েছে এক লাখ টাকার ঋণ।
পাশের পাথরঘাটা এলাকায় মেসবাহ উদ্দীনের বাগানে গিয়েও একই অবস্থা দেখা যায়। তাঁর বাগানের গাছের পেয়ারার বোঁটা শুকিয়ে ঝরে পড়েছে। এগুলো বিক্রির অযোগ্য। মেসবাহ উদ্দীন জানান, তাঁর ১ হাজার ৫০০ গাছের মধ্যে ইতিমধ্যে ১ হাজার ২০০টি গাছ মারা গেছে। তিন মাস আগে যখন মড়ক শুরু হয়, তখন পরামর্শের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার কাছে গিয়েছিলেন। কিন্তু তিনি সরেজমিনে আসেননি। খোঁজখবরও করেননি। গত ৩০ জানুয়ারি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর কৃষি কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন এবং চাষিদের মধ্যে লিফলেট বিতরণ করেন। সে অনুযায়ী ব্যবস্থা নিয়েও মড়ক থামেনি।
কালহইরের চাষি নুরুন্নবী বলেন, প্রথম আলোয় খবর প্রকাশের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সাজদার রহমান, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার ও চাঁপাইনবাবগঞ্জের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন তাঁর বাগান পরিদর্শন করেন। তাঁকে ডাল ছাঁটাইয়ের পর ‘ক্যাবরিওটপ’ নামের কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পরামর্শ অনুযায়ী কাজ করেন। ১০-১২ দিন পর গাছে নতুন কুশি বের হয়। কয়েক দিন পর দেখা যায় নতুন কুশিও ঝরে পড়ছে। তাঁর বাগানের অল্প বয়সী গাছও শুকিয়ে মারা যাচ্ছে। আক্রান্ত গাছের পেয়ারাও শুকিয়ে ঝরে পড়ছে।
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন বলেন, ভোলাহাটের এক পেয়ারাচাষিকে ক্যাবরিওটপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তাঁর বাগানে আর রোগের বিস্তার ঘটেনি। কিন্তু নাচোলের নুরুন্নবীর বাগানে কাজ হয়নি। ভোলাহাটের মাটির সঙ্গে নাচোলের মাটির পার্থক্য রয়েছে। এখানকার মাটিতে অম্লীয় ভাগ বেশি। এ ক্ষেত্রে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও রোগতত্ত্ববিদদের যৌথভাবে গবেষণা করা দরকার।
গত ৩০ জানুয়ারি ‘পেয়ারাগাছে মড়ক, চাষিদের মাথায় হাত’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।