পেরুর সর্বোচ্চ জাতীয় সম্মাননা পেলেন ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পেরুর সর্বোচ্চ জাতীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য সান ইন দ্য গ্রেড অব গ্র্যান্ড ক্রস’ দেওয়া হয়েছে। গত বুধবার সে দেশের প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া ড. ইউনূসের গলায় সোনার মেডেল পরিয়ে তাঁকে এ সম্মাননায় ভূষিত করেন। ঢাকায় ইউনূস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী লিমায় অবস্থিত ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট প্রাসাদের রাষ্ট্রদূত-কক্ষে এক জমকালো অনুষ্ঠানে ড. ইউনূসকে সম্মাননা জানানো হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডো, গুয়াতেমালার সাবেক প্রেসিডেন্ট ভিনিসিও কেরেজো, ১২ জন রাষ্ট্রদূত, পেরুর গুরুত্বপূর্ণ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন ধরনের উদ্যোগের মাধ্যমে পেরুর প্রায় সব এলাকায়, বিশেষ করে আন্দিন প্রদেশের লাখ লাখ নারীর ভাগ্যোন্নয়নে ভূমিকা পালন করায় প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া মুহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা জানান। লাতিন আমেরিকায় সামাজিক ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সাবেক প্রেসিডেন্ট টোলেডোর আমন্ত্রণে ড. ইউনূস পেরু সফর করেন। লিমায় অবস্থান করার সময় তিনি রাজধানীর উপকণ্ঠে প্রায় পাঁচ হাজার নিম্ন আয়ের লোকের মধ্যে ভাষণ দেন। এ ছাড়া সে দেশের দুটি বিশ্ববিদ্যালয়—ইউনিভার্সিদাদ স্যান ইগনাসিও ডি লয়োলো এবং ইউনিভার্সিদাদ নাশিওনাল মেয়র ডি স্যান মারকোস ড. ইউনূসকে আলাদা দুটি সম্মাননা ডিগ্রি দেয়। বাসস।