পেলিয়াটিভ কেয়ার ডে পালিত
পেলিয়াটিভ কেয়ার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারকে এগিয়ে আসতে হবে এবং ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান।
গতকাল শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত দিনব্যাপী এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ওয়ার্ল্ড হসপাইস অ্যান্ড পেলিয়াটিভ কেয়ার ডে’ পালন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ব্যথাপূর্ণ জীবন এবং ব্যথাসহ মৃত্যু: কোনোটিই কাম্য নয়’। ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর সেবা প্রদান করে থাকে পেলিয়াটিভ কেয়ার।
মাহমুদ হাসান বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে পেলিয়াটিভ কেয়ার বিষয়টি ততটা পরিচিত নয়। পেলিয়াটিভ কেয়ারের ক্ষেত্রে চিকিৎসক ও সেবক-সেবিকারা অনেক বেশি ভূমিকা রাখেন। অনেক ক্ষেত্রে স্বজনদের চেয়েও একজন সেবক-সেবিকা রোগীদের সেবায় বেশি কাজ করেন। পেলিয়াটিভ কেয়ার বিষয়ে জনগণকে সচেতন করতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, ক্যানসার রোগের কারণে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয়। ব্যথা নিরাময়ের জন্য মরফিন অনেক বেশি কাজ করে। বিভিন্ন কারণে বাজারে মরফিনের দাম বেশি। মরফিনের দাম কমাতে চলতি মাসেই তিনি একটি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বিএমএর মহাসচিব অধ্যাপক মো. ইকবাল আর্সলান বলেন, বাংলাদেশের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করে থাকে বিএমএ। সেই হিসেবে পেলিয়াটিভ কেয়ার নিয়ে কাজ করাও তাঁদের সংগঠনের দায়িত্ব।
সকাল নয়টায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় বিকেল চারটায়। অনুষ্ঠানে পেলিয়াটিভ কেয়ারের সঙ্গে যুক্ত চিকিৎসক, সেবক-সেবিকা ও বিশেষজ্ঞরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। কীভাবে একজন রোগী ভালো ব্যবহার, সহযোগিতা ও অসহযোগিতা পাওয়ার মাধ্যমে বেঁচে থাকতে কিংবা মৃত্যুবরণ করতে পারেন, সে বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য, প্রামাণ্যচিত্র ও অভিজ্ঞতা বর্ণনা করা হয়।