পেশা উন্নয়ন নিয়ে দেশব্যাপী সেমিনার জুলাইয়ে

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্র বাছাই করা থেকে শুরু করে পেশার বিভিন্ন পর্যায়ে মুখোমুখি হতে হয় নিত্যনতুন চ্যালেঞ্জের। ভবিষ্যত্ পেশাজীবীদের কর্মক্ষেত্রের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে ‘চ্যালেঞ্জ ইউরসেলফ বি দ্য চেঞ্জ’ সেমিনার। দেশব্যাপী এ আয়োজন সফল করতে গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো জবস ও দি সিটি ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের মোট ১৭টি বিশ্ববিদ্যালয়ে পেশা উন্নয়নবিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক লিমিটেডের প্রধান প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও মানবসম্পদ কৌশল কর্মকর্তা রেনাত আখতার, ব্যবস্থাপক নাজমুস সাদাত, প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন প্রমুখ। সেমিনারের গণমাধ্যম সহযোগী মাছরাঙা টিভি ও এবিসি রেডিও। দেশব্যাপী এ অনুষ্ঠানের সময়সূচি পাবেন www.prothom-alojobs.com ওয়েবসাইটে।