পেশা বদলাচ্ছেন স্বর্ণশিল্পীরা
একসময় ঠক ঠক শব্দে মুখর ছিল গোয়ালন্দের স্বর্ণপট্টি এলাকা। এখন আর সেই শব্দ কানে বাজে না। দফায় দফায় মূল্যবৃদ্ধি এবং চড়া দামের কারণে এখন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বর্ণশিল্পীদের চরম দুর্দিন চলছে। কাজ না পেয়ে বাধ্য হয়ে অনেক কারিগর পেশা পরিবর্তন করছেন। এ ছাড়া মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণের বোঝা নিয়ে চলছেন অনেক স্বর্ণশিল্পী।উপজেলা স্বর্ণশিল্পী সমিতি সূত্রে জানা গেছে, গোয়ালন্দে মোট ৪৫টি স্বর্ণের দোকান আছে। এগুলোর মধ্যে গোয়ালন্দ বাজারে ২৫টি এবং বাকিগুলো দৌলতদিয়া ঘাট বাজার ও পৌর জামতলা এলাকায়। অধিকাংশ দোকানের কারিগর পেশা বদল করছেন। আবার কোনো দোকানমালিক প্রতিষ্ঠান চালাতে না পেরে অন্যের দোকানের কর্মচারী হিসেবে কাজ করছেন।উপজেলা স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক আবু ইউছুফ বলেন, দুই সপ্তাহ আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৭ হাজার, ২১ ক্যারেটের ৫৪ হাজার ৫০০ এবং ১৮ ক্যারেটের ৪৮ হাজার টাকা। তবে বর্তমানে তা কিছুটা কমে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৩ হাজার, ২১ ক্যারেটের ৫০ হাজার ৫০০ ও ১৮ ক্যারেটের স্বর্ণ ৪৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। সপ্তাহ খানেক আগে প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ৬০০ টাকা। এখন তা এক হাজার ৫০০ টাকা। তার পরও অনেক দোকানে সারা দিনে খরিদ্দারদের দেখা মেলে না।আবু ইউসুফ আরও বলেন, ‘আগে আমার সারা মাসে খরচ বাদে দোকান থেকে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হতো। কিন্তু এখন সংসারের খরচ জোগাড় তো দূরের কথা, ঋণ করে চলতে হচ্ছে। এসব কারণে গত বছর এই সময় আমার স্বর্ণের দোকানে কারিগর ছিলেন তিনজন, এখন আছেন একজন।’দৌলতদিয়া ঘাট বাজার এলাকার বলাই জুয়েলার্সের মালিক বোলাই সরকার ঋণে জর্জরিত হয়ে এখন দোকান বিক্রি করে অন্যের দোকানের কর্মচারী হিসেবে কাজ করছেন। গোয়ালন্দ বাজারের পলি জুয়েলার্সের পরিচালক গোবিন্দ পোদ্দার বলেন, ‘দফায় দফায় স্বর্ণের দাম বাড়ার কারণে কোনো কাজ না থাকায় বাধ্য হয়ে তিনজন কারিগর অন্যত্র চলে গেছেন। এর মধ্যে সমর সরকার নামের এক কারিগর দীর্ঘদিন স্বর্ণশিল্পের কাজ শিখে এখন বাজারে কাঁচা সবজি বিক্রি করেন, অন্যরা কৃষিকাজ করছেন। আর বাবার রেখে যাওয়া প্রতিষ্ঠান ধরে রাখতে বাধ্য হয়ে আমাকে মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হয়েছে।’