পেশা বদলাতে মরিয়া চুনশিল্পের কারিগরেরা
জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে আয় না বাড়ায় ঠাকুরগাঁওয়ে চুনশিল্পের সঙ্গে জড়িত কারিগরেরা নিজেদের প্রাচীন পেশা থেকে সরে যাচ্ছেন। এ জেলায় রয়েছে চুনশিল্পের বহুসংখ্যক কারিগরের বাস। স্থানীয়ভাবে তাঁদের বলা হয় জুগী। পৃষ্ঠপোষকতার অভাবে জীবনের কঠিন সংগ্রামে টিকতে না পেরে বাপ-দাদার পেশা থেকে বেরিয়ে আসতে মরিয়া হয়ে উঠেছেন এসব মানুষ।
ঠাকুরগাঁওয়ের আবদুর রশিদ মহাবিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম এ সম্পর্কে বলেন, পানের সঙ্গে একটু চুন অপরিহার্য। আর এ দেশের মানুষ ঐতিহ্যগতভাবেই পান খেয়ে থাকেন। দেশের বাইরেও পান রপ্তানি হয়। সঙ্গে লাগে চুন। তিনি আরও বলেন, কিন্তু এই চুনশিল্পের কারিগরেরা নিজ পেশা টিকিয়ে রাখতে এখন হিমশিম খাচ্ছেন। চুন তৈরির কাঁচামাল ঝিনুক হাতের কাছের জলাশয়গুলোতে না পাওয়া এবং পাথর চুনের ব্যবহার বেড়ে যাওয়াসহ নানা প্রতিকূলতায় পূর্বপুরুষের পেশা বদলাতে তাঁরা আজ মরিয়া। হারিয়ে যাচ্ছে দেশের প্রাচীন ঐতিহ্যের চুনশিল্প।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা, রানীশংকৈল, বালিয়াডাঙ্গ ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন চুনশিল্পের কারিগরেরা।
সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা সাহাপাড়ায় ১৮টি পরিবার বাপ-দাদার পেশা চুন তৈরির সঙ্গে জড়িত। তবে আর্থিক দীনতায়তাঁদের তাদের জীবন আজ অনেকটাই থমকে গেছে। এ পাড়ার বাসিন্দা চুন তৈরির কারিগর পবিত্র দেবনাথ বলেন, পান খেতে চুন লাগে। এটা সবাই জানেন। এ চুন তৈরির প্রধান উপাদান হলো ঝিনুক।
ধনেশ দেবনাথ (৫৫) জানান, বাপ-দাদার সময় থেকে চুন তৈরির কাজ করে আসছেন। বর্তমানে এলাকার খাল-বিল, নদী-নালায় ঝিনুক না পাওয়ায় সদর উপজেলার গড়েয়া, দিনাজপুরের খানসামা থেকে বস্তাপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা দরে ঝিনুক কিনে আনতে হয়। ফলে উৎপাদনের খরচ বেড়ে যায়। চুনের বর্তমান বাজারদর মণপ্রতি ৪৮০ টাকা। লোকসান সামলাতে অনেকে এই পেশা ছেড়ে চলে যাচ্ছেন।
সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব প্রাচীন পেশা রয়েছে, তার মধ্যে জুগীরা অন্যতম। তবে এখন এ শিল্প হারাতে বসেছে। এ পেশায় সম্পৃক্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।