রাজীব হোসেন (৩৫) ভটভটি চালাতেন। দীর্ঘদিনের এ পেশা ছেড়ে এখন তিনি কামলার কাজ করছেন। সিএনজিচালিত অটোরিকশাচালক সাজাহান আলী (৩৫) এখন হাটে হাটে চানাচুর বিক্রি শুরু করেছেন। ট্রাকশ্রমিক তাজুল ইসলাম (৪০) বগুড়া শহরে চলে গেছেন রাজমিস্ত্রির শ্রমিক হয়ে। তিনি সেখানে দৈনিক ৩০০ টাকার পারিশ্রমিকে কাজ করেন।
২০ দলের ডাকা টানা অবরোধ-হরতালের গ্যাঁড়াকলে পড়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনেকেই এভাবে পেশা বদলে টিকে থাকার চেষ্টা করছেন।
পেশা বদল করা এ রকম ছয়-সাতজন মানুষ জানান, হরতাল-অবরোধের কারণে দিনের পর দিন কর্মহীন থাকতে বাধ্য হচ্ছেন এ উপজেলার হাজারো মানুষ। বিশেষ করে যারা বিভিন্ন যানবাহনে শ্রমিক তাঁদের অবস্থা শোচনীয়। গাড়ির চাকা ঘুরলেই তাঁদের আয় হয়। গাড়ির চাকা ঘোরা বন্ধ হলেই তাঁদের আয়ও বন্ধ থাকে। অনেক দিন হচ্ছে গাড়ি চলেনি, শ্রমিকদের আয়ও হয়নি। কিন্তু পেট তো আর খালি রাখা যায় না। তাই বাধ্য হয়ে আগের পেশা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। তাঁরা হোটেলকর্মী থেকে রাজমিিস্ত্র, রিকশাচালক থেকে শীতের কাপড় বিক্রেতা বা আরও অন্য কোনো পেশা বেছে নিয়ে রুজির টানে পেশা বদল করছেন।
উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের আবুল কালাম আজাদ (৩৫) সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। এ পেশায় প্রতি দিন তাঁর মালিককে ৪০০ টাকা দেওয়াসহ অন্যান্য খরচ করার পরও ৪০০ টাকার ওপরে আয় করতেন। এ টাকায় তাঁর চার সদস্যের পরিবার ভালোভাবেই চলছিল। কিন্তু প্রায় এক মাস হলো তাঁর আয় বন্ধ হয়ে গেছে। জমানো টাকা আর ধারদেনা করে এত দিন চললেও এখন আর পেরে উঠছেন না। অগত্যা রোববার থেকে তিনি সবজি বিক্রির ব্যবসা শুরু করে টিকে থাকার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘গাড়ি চলাবার পারিচ্চি না। বাড়িত চারজন মানুষ খানেআলা। তাই বাধ্য হয়্যা সবজি বিক্রি করিচ্চি।’
ছাতুয়া গ্রামের ট্রাকশ্রমিক মুরাদ হোসেন (৪০) বলেন, ‘বাড়িতে পর্যা থাকলে পরিবার লিয়া না খাইয়্যা মরা লাগবি। তাই বাধ্য হয়্যা বগুড়াত য্যায়া গরম কাপড় লিয়া আস্তাত ঘুর্যা ঘুর্যা বেচার কাজ করিচ্চি।’
একই গ্রামের আরেক ভটভটিচালক রাশেদুল ইসলাম (৪২) বলেন, ‘চার ছেলেমেয়ের সংসার একলার আয়ে চালাতে গিয়া হিমশিম খাই। গ্রামোতও কুনো জমিজমাও নাই। এ অবস্থায় না খাইয়া মরা ছাড়া হামাকেরে কুনো উপায় নাই। বাধ্য হয়্যা কামলার কাজ করা লাগিচ্ছে।’
উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের ট্রাকচালক মিজানুর রহমান (৪৫) বলেন, নিম্ন আয়ের মানুষগুলোই শ্রমিকের পেশায় আসেন। হরতালে তাঁরা চরম অর্থসংকটে পড়েন। হরতাল হলে যত কষ্ট সাধারণ মানুষের হয়।
ছাতুয়া গ্রামের বাসচালক মামুনুর রশীদ (৪৮) বলেন, হরতাল-অবরোধে শ্রমিকদের অন্য কিছু করার উপায় নেই। লাগাতার অবরোধ-হরতালের অবসান হওয়া জরুরি। পেটে ভাত না থাকলে শ্রমিকেরা অন্যায় কাজে জড়িয়ে পড়তে পারেন।