পেশা বদলে নতুন সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানামুখী লোকসানে সিরাজগঞ্জের তাঁতমালিকেরা দিশেহারা হয়ে পড়েছেন। লোকসানের কারণে তাঁত বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা। তাঁতশিল্পের সঙ্গে জড়িত অনেকেই পেশা বদলে বিকল্প কোনো জীবিকায় জীবনধারণের সংগ্রাম করছেন। গত দুই বছর ধরে সিরাজগঞ্জের তাঁতশিল্প ক্রমশই থুবড়ে পড়ছে।
তাঁতমালিকেরা বলেন, এভাবে লোকসান চলতে থাকলে এই শিল্প অচিরেই বিলীন হয়ে যাবে। বিদেশে রপ্তানি এবং দেশে চাহিদা কমে যাওয়ায় তাঁতশিল্পের বাজার প্রতিদিন নিম্নমুখী হচ্ছে। সরকারিভাবে এ শিল্প রক্ষার পদক্ষেপ না নিলে সামনে অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে।
তাঁতমালিক ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে সিরাজগঞ্জের তাঁত ব্যবসায় মন্দাভাব শুরু হয়। ২০১৪ সাল থেকে মন্দাভাব স্থায়ী রূপ নেয়। একই সঙ্গে তাঁতের উৎপাদিত পণ্যের (শাড়ি, লুঙ্গি ইত্যাদি) বিক্রি অর্ধেকে নেমে আসে। পুঁজি হারাতে থাকেন তাঁতিরা। বিশেষ করে প্রান্তিক তাঁতিরা চরম বিপর্যয়ে পড়েন। ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হওয়ায় অনেকেই তাঁত বিক্রি করে দিয়েছেন। অনেক তাঁতমালিক তাও পারছেন না। তাঁরা অনেকেই খড়ি হিসেবে তাঁতের কাঠ আর ভাঙারির দোকানে লোহা বিক্রি করে ঋণ শোধের চেষ্টা করছেন। অনেকে ঋণ পরিশোধ করতে না পেরে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁতশিল্পের সঙ্গে জড়িত শ্রমিকেরা কেউ এখন গার্মেন্টস শ্রমিক, কেউ রিকশা চালান।
তাঁত বোর্ড সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলাটি তাঁতসমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। নয়টি উপজেলার মধ্যে শাহজাদপুর, বেলকুচি, সদর, উল্লাপাড়া ও চৌহালী উপজেলায় তাঁতের সংখ্যা সবচেয়ে বেশি। ২০০৩ সালে তাঁত বোর্ডের জরিপ অনুযায়ী হস্তচালিত তাঁতের সংখ্যা ১ লাখ ৬০ হাজার এবং বিদ্যুৎ-চালিত পাওয়ার লুমের সংখ্যা প্রায় ৫৫ হাজার। এই তাঁতশিল্পের সঙ্গে জড়িত রয়েছে প্রায় ৫ লাখ পরিবারের ৩০ লাখ শিশু ও নারী-পুরুষ। তাঁতশিল্পের ওপর নির্ভর করে শাহজাদপুর, বেলকুচি ও চৌহালীর এনায়েতপুরে তিনটি কাপড়ের হাট প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে শাহজাদপুরের হাটটি দেশের মধ্যে বৃহত্তম।
বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, শাহজাদপুর হাটে প্রতি সপ্তাহে চার দিন কাপড় বিক্রি হয়। প্রতি হাটে ব্যাংক ও নগদসহ প্রায় শতাধিক কোটি টাকার লেনদেন হয়ে থাকে। বর্তমানে ক্রয়-বিক্রয়, রপ্তানি ও ব্যাংকের লেনদেন অর্ধেকে নেমে এসেছে। সেই সঙ্গে খেলাপি ঋণের সংখ্যাও বাড়ছে।
শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের জগতলা গ্রামের তাঁত বোর্ডের আওতায় ৩ নম্বর ওয়ার্ড তাঁতি সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, তাঁর নিজের ১৫টি তাঁত ছিল। তাঁত বোর্ড থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। প্রতিটি শাড়ি তৈরিতে খরচ হয় ৬০০ টাকা। বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তাও বাকিতে। তিনি আরও বলেন, ‘এ অবস্থায় বাধ্য হয়ে ১০টি তাঁত বন্ধ করা, মাত্র পাঁচটি চালু রেখেছি। এখন ঋণের কিস্তির টাকাও দিতে পারছি না।’ তিনি বলেন, ‘আমার গ্রামের মাসুদ রানা, তফিজ উদ্দিন, গফুর মিয়া, ইমান আলী, আলম মিয়া তাঁদের তাঁত বিক্রি করে দিয়ে এখন ঢাকা গিয়ে গার্মেন্টসে কাজ করছেন, নয়তো রিকশা চালাচ্ছেন।’
নাম প্রকাশ করার না শর্তে রূপপুর মহল্লার একজন তাঁতমালিক বলেন, ‘পুঁজি হারিয়ে তাঁত বিক্রি করে দিয়ে রাতের আঁধারে গ্রাম থেকে চলে এসেছি। এলাকায় একসময় প্রচুর দাপট ছিল। অনেক দরিদ্র মানুষকে সহায়তা করেছি। নিঃস্ব হয়ে মানসম্মানের কারণে বাধ্য হয়ে এলাকা ছেড়েছি।’
খুকনী গ্রামের মিল্টন কটেজ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ৪০ বছরের ব্যবসায়ী জীবনে এমন ভয়াবহ অবস্থা কোনো দিন দেখিনি। কাপড় বিক্রি করে শ্রমিকের মজুরির টাকাই জোগাড় হচ্ছে না। গুদামে কয়েক কোটি টাকার কাপড় মজুত হয়ে আছে। জমি বিক্রি করে ব্যাংকের সুদের ১৬ লাখ টাকা দিয়েছি। মোট ৩০৪টি তাঁতের মধ্যে ঐতিহ্য ধরে রাখতে মাত্র ৯৫টি এখন চালু রেখেছি।’
রপ্তানিকারক মেসার্স রায় ট্রেডার্সের স্বত্বাধিকারী নিত্যানন্দ রায় বলেন, ‘শুল্কমুক্ত থাকায় তিন বছর আগেও শাহজাদপুরের প্রতি হাট থেকে চার লাখ পিস শাড়ি ও লুঙ্গি ভারতে রপ্তানি করা হতো। এ ছাড়া যেসব দেশে বাঙালিরা বসবাস করে, সেসব দেশেও রপ্তানি হতো। দুই বছর ধরে ভারতের রাজ্য সরকার ছয় শতাংশ শুল্ক আরোপ, ভারতে ডলারের দাম বৃদ্ধি এবং বাংলাদেশে কমে যাওয়ায় রপ্তানির পরিমাণ অর্ধেকেরও নিচে নেমে এসেছে। বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। আমরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশসহ ভারত সরকারের প্রতিনিধির কাছে এ বিষয়ে একাধিকবার আবেদন জানিয়েছি। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’
বাংলাদেশ তাঁতবস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হাসান বলেন, তাঁতশিল্পের প্রতি সরকারের কোনো সুনজর নেই। সারা দেশে প্রায় তিন কোটি লোক এই শিল্পের ওপর নির্ভরশীল। অব্যাহত লোকসানে অর্ধেক তাঁত বন্ধ হয়ে তাঁতমালিক ও শ্রমিকেরা মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রান্তিক তাঁতিরা ঋণের বোঝা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।